ঝাড়গ্রামের বাঁশতলাতে ট্রেনের ধাক্কায় মৃত্যু তিনটি হাতির । দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার মধ্যরাতে । জানা গিয়েছে , বনদফতর ও হুলা পার্টির সদস্যরা হাতি গুলিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল । সেই সময়ই হাতিগুলিকে ধাক্কা মারে জনশতাব্দী এক্সপ্রেস । যার জেরে প্রাণ হারায় তিনটি হাতি । জানা গিয়েছে, মৃত হাতি গুলির মধ্যে একটি পূর্ণবয়স্ক হাতি ও ২ টি শাবক ছিল ।
মৃত হাতিগুলির দেহ অনেক সময় ধরে রেললাইনের ওপর পড়ে থাকায় , ট্রেন চলাচলও কিছুটা ব্যাহত হয় । পরে খবর পেয়ে , বন দফতরের উচ্চপদস্থ আধিকারিক এবং রেল আধিকারিকরা ঘটনাস্থলে আসেন । তারপর মৃত হাতিগুলোকে উদ্ধারের কাজ শুরু হয় । ঝাড়গ্রাম বন বিভাগের ডিভিশনাল ফরেস্ট অফিসার উমর ইমাম জানিয়েছেন, “হাতিগুলি রেললাইনের কাছাকাছি রয়েছে বলে রেলকে রাত ১১টার সময় জানানো হয়েছিল। ট্রেনের গতি কম রাখার কথা বলা হয়েছিল। তারপরও ট্রেনের গতি এত বেশি ছিল।” তিনি আরো জানান যে ঘটনার তদন্ত করে , সঠিক ব্যবস্থা নেওয়া হবে ।
অপরদিকে স্থানীয় বাসিন্দারা , এভাবে হাতির মৃত্যু নিয়ে সরব হয়েছেন । হুলা পার্টির সদস্যরা সঠিক প্রশিক্ষণপ্রাপ্ত না হলে , এইভাবেই হাতি মৃত্যুর ঘটনা ঘটতে থাকবে বলে অভিযোগ স্থানীয়দের । পাশাপাশি এইরকম ঘটনায় তারা বন্দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন।







