জলপাইগুড়িতে নতুন করে আতঙ্কের নাম জাপানি এনসেফালাইটিস (Japanese Encephalitis)। চলতি বছরে এখনও পর্যন্ত ৫ জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকি দু’জনের মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, অপরজন চিকিৎসাধীন জলপাইগুড়ি মেডিকেল কলেজে।
মৃতরা জেলার সদর, ডাবগ্রাম ও বানারহাট এলাকার বাসিন্দা। প্রশাসন ও স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সংক্রমণের উৎস হিসাবে শূকর খাটাল ও মশার সংক্রমণকে চিহ্নিত করা হয়েছে। এই রোগ সাধারণত শূকর থেকে মশার মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়।
পরিস্থিতি পর্যালোচনা করতে কলকাতা থেকে শিলিগুড়ি ছুটে যান বিশিষ্ট চিকিৎসক ডাঃ তাপস রায়। তিনি পরিদর্শন করেন বাহাদুর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক এলাকা। প্রশাসনের তরফে অবৈধ শূকর খাটাল বন্ধে নির্দেশ জারি হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে নজরদারি ও অভিযান।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই রোগের প্রাথমিক উপসর্গ হল জ্বর, সর্দি, কাশি ও স্নায়ুর সমস্যা। যথাসময়ে চিকিৎসা না হলে ঘটতে পারে মৃত্যু। হঠাৎ সংক্রমণ বৃদ্ধিতে যথেষ্ট উদ্বিগ্ন জেলা স্বাস্থ্য দফতর।
জেলার বাসিন্দাদের উদ্দেশে প্রশাসনের বার্তা—
🔹 জমা জল ও মশার উৎপত্তিস্থল বন্ধ রাখুন
🔹 শূকর বা পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলুন
🔹 উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন
সতর্ক থাকুন, সুস্থ থাকুন।







