১ অগস্ট থেকে পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের পরিস্কার মন্তব্য ছিল, দুর্নীতি ঠেকাতে কেন্দ্রীয় সরকার নজরদারি চালাতে পারে, নিয়মকানুন জারি করতে পারে, কিন্তু প্রকল্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা যাবে না। সেই রায় প্রকাশের প্রায় এক মাস কেটে গেলেও এখনও কেন্দ্রীয় সরকার রাজ্যে অর্থ ছাড়ের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে প্রধানমন্ত্রী একটি অর্থ ছাড় সংক্রান্ত ব্যবস্থা তৈরির ইঙ্গিত দেন। কিন্তু তারপরও পরিস্থিতির কোনও অগ্রগতি হয়নি। সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উল্গানাথন। তবে সেই আলোচনার ফলও শূন্য। কেন্দ্রীয় আধিকারিকেরা স্পষ্ট জানিয়েছেন, এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিদ্ধান্ত হলে জানানো হবে।
এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানান, “হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও কেন্দ্র টাকা ছাড়ছে না। প্রধানমন্ত্রী এখনও সিদ্ধান্ত নেননি বলেই হয়তো এই দেরি। এটা বাংলার মানুষের প্রতি অবিচার। ” মঙ্গলবার সংসদেও এই বিষয়টি আলোচনায় উঠে আসে, কিন্তু কেন্দ্রের তরফে উত্তর আসে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রের এই গড়িমসি শুধুই প্রশাসনিক নয়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে। কারণ, ১০০ দিনের প্রকল্পে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ কাজ পান। কেন্দ্র সম্ভবত দেখাতে চাইছে, রাজ্যে দুর্নীতির জেরে কাজ বন্ধ করতে হয়েছে।
শেষ তিন বছরে এই প্রকল্পের জন্য রাজ্যকে এক টাকাও দেয়নি কেন্দ্র সরকার। অভিযোগ উঠেছে, রাজ্যে ব্যাপক দুর্নীতি হয়েছে। যদিও গুজরাত সহ একাধিক রাজ্যে দুর্নীতির অভিযোগ থাকলেও সেখানে প্রকল্প বন্ধ হয়নি। বাংলার ক্ষেত্রেই কেবল বরাদ্দ বন্ধ রাখা হয়েছে। এমনকি পরপর দুই বছরের বাজেটে এই প্রকল্পের জন্য কোনও অর্থই নির্ধারিত হয়নি। তবুও বাস্তবে কেন্দ্রীয় সরকার সেই নির্দেশ মানছে না বলেই মনে করছেন অনেকে। দিল্লি সফর সেরে ফেরা এক রাজ্য আধিকারিকের কথায়, “স্পষ্ট করে না বললেও কেন্দ্র যেন ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে টাকা ছাড়ার কোনও তাড়া নেই।'”
ফলে প্রশ্ন উঠছে – আদালতের নির্দেশ কার্যকর না হওয়া কি আদালতের অবমাননা নয়? দায় কার কেন্দ্রের না রাজ্যের? এই প্রশ্নের জবাব এখনো মিলছে না। গ্রামবাংলার অসংখ্য মানুষ শুধু অপেক্ষা আর ক্ষোভ নিয়ে দিন গুনছেন।







