জনপ্রিয় ইউটিউবার এবং অভিনেতা ভুবন বাম এবার রূপালি পর্দায় বলিউড অভিনেত্রীর সঙ্গে রোম্যান্সে মাততে চলেছেন। ধর্মা প্রোডাকশনের ব্যানারে তৈরি হতে চলেছে একটি রোমান্টিক-কমেডি ঘরানার ছবি, যেখানে ভুবনের বিপরীতে দেখা যাবে প্রতিভাবান অভিনেত্রী ওয়ামিকা গাব্বিকে। বর্তমানে ছবিটি পরিকল্পনার পর্যায়ে থাকলেও ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহল ছড়িয়েছে। ইউটিউব-ভিত্তিক কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয়তা পাওয়া ভুবনের এই নতুন যাত্রা বলিউডে তার পাকাপাকি জায়গা করে নেওয়ার সম্ভাবনা তৈরি করেছে।
অন্যদিকে, ওয়ামিকা গাব্বি এর আগেই ‘জুবিলি’, ‘মডার্ন লাভ মুম্বই’, ও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘ভুল চক মাফ’-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে বলিউডে নিজের অবস্থান মজবুত করেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানান, “এই মুহূর্তে আমি আমার কাজকে উপভোগ করছি। আমি তো একবার ৩৮ ঘণ্টা কাজ করেছি, তিনটি আলাদা শিফটে। সকালে এক প্রজেক্ট, রাতে আরেকটি। আমি খুব খুশি মনেই সবটা করেছি, কারণ এটা আমার কেরিয়ারের শুরু, আর আমার মধ্যে তখন অফুরন্ত এনার্জি ছিল। আমার ওপর তখন কোনও পারিবারিক দায়িত্ব ছিল না, তাই যা উপার্জন করছিলাম, তা আমার ও আমার কাছের মানুষদের জন্য যথেষ্ট ছিল।”
ওয়ামিকার মতে, কাজের প্রতি ভালোবাসা ও আত্মনিবেদনই তাঁকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। নতুন এই জুটি নিয়ে দর্শকমহলে ইতিমধ্যেই উত্তেজনার সৃষ্টি হয়েছে। ভুবনের অনুরাগীরা এখন মুখিয়ে রয়েছেন তাঁর নতুন অবতারে পর্দায় তাঁকে দেখার জন্য। এই প্রজেক্ট বাস্তবায়িত হলে বলিউড পাবে একটি নতুন এবং তাজা জুটি ভুবন বাম ও ওয়ামিকা গাব্বি।







