বিনোদন

মাইকেল জ্যাকসনের জীবনের গল্প এবার বড়োপর্দায়, ২০২৬ সালের ২৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত বায়োপিক

পপ সঙ্গীতের ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাইকেল জ্যাকসন। তাঁর জীবনের আলো-আঁধারি অধ্যায়, সংগীতে বিপ্লব আনা যাত্রা এবং বিশ্বব্যাপী প্রভাবকে ঘিরে তৈরি হয়েছে একটি বায়োপিক, যা নিয়ে অনুরাগীদের মধ্যে বহুদিন ধরেই উত্তেজনা ছিল। অবশেষে নির্মাতারা জানিয়ে দিলেন মুক্তির দিন, ২০২৬ সালের ২৪ এপ্রিল। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বড়োপর্দায় দেখা যাবে ‘পপ কিং’-এর জীবনকথা। এই সিনেমার পরিচালনায় রয়েছেন অ্যান্টোইন ফুকুয়া এবং চিত্রনাট্য লিখেছেন জনপ্রিয় লেখক জন লোগান।

সিনেমাটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল মাইকেলের চরিত্রে অভিনয় করছেন তাঁর ভাইপো জাফর জ্যাকসন, যিনি বাস্তব জীবনে কিংবদন্তি শিল্পীর রক্তের উত্তরসূরি। এই বায়োপিকে মাইকেলের শৈশব, খ্যাতির শিখরে ওঠার গল্প, ব্যক্তিগত জীবন ও নানা বিতর্কসহ তাঁর বহুমাত্রিক জীবন তুলে ধরা হবে। প্রযোজনার দায়িত্বে রয়েছেন অস্কারজয়ী প্রযোজক গ্রাহাম কিং, যিনি ‘দ্য ডিপার্টেড’-এর মতো ছবি নির্মাণের জন্য খ্যাত। সিনেমাটির মুক্তির দায়িত্বে রয়েছে জনপ্রিয় স্টুডিও লায়ন্সগেট, যারা একে ঘরোয়া মার্কেটে প্রথমে রিলিজ করবে। প্রথমদিকে পরিকল্পনা ছিল ২০২৫ সালের অক্টোবরে এই সিনেমাটি মুক্তি পাবে। এমনকি একসময় সিনেমাটি দুটি ভাগে মুক্তি দেওয়ার কথাও ভাবা হয়েছিল। তবে পরে নির্মাতারা সিদ্ধান্ত বদলে একক ছবি হিসেবেই মুক্তি দেওয়ার কথা ঘোষণা করেন।

লায়ন্সগেটের সিইও জন ফেল্টহেইমার জানান, ছবির শ্যুটিং শেষ হয়েছিল ২০২৪ সালেই। কিন্তু নির্মাতাদের সৃজনশীল সিদ্ধান্তে কিছু গুরুত্বপূর্ণ অংশ পুনরায় ধারণ করা হয়, যার ফলে পিছিয়ে যায় মুক্তির দিন। বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রতিভাবান শিল্পী হিসেবে মাইকেল জ্যাকসনের সাংস্কৃতিক অবদান ছিল অপরিসীম। তাঁর নাচ, কণ্ঠস্বর, স্টাইল এবং মঞ্চ উপস্থিতি আজও কোটি মানুষের অনুপ্রেরণা। সেই প্রতিভার উজ্জ্বল অধ্যায় এবার ধরা পড়বে সিনেমার ফ্রেমে। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা মাইকেল ভক্তদের কাছে এই ছবি নিঃসন্দেহে আবেগঘন একটি অভিজ্ঞতা হতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.