বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেটারদের আধিপত্য আরও একবার স্পষ্ট করে দিলেন মুম্বইয়ের তরুণ প্রতিভা আয়ুষ মাত্রে। ইংল্যান্ডের বিরুদ্ধে যুব টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৪ বলে দুরন্ত শতরান করে তিনি গড়ে ফেললেন এক অনন্য রেকর্ড। এই ইনিংসের মাধ্যমেই আয়ুষ নাম লেখালেন যুব টেস্ট ইতিহাসে দ্রুততম শতরানের মালিক হিসেবে। ক্রিকেটবিশ্ব যখন সিনিয়রদের পারফরম্যান্স নিয়ে ব্যস্ত, তখন ভারতের অনূর্ধ্ব-১৯ অধিনায়ক নিজের ব্যাটিং দিয়ে জানিয়ে দিলেন— ভবিষ্যতের তারকা তিনি।
বৈভব সূর্যবংশী প্রথম বলেই আউট হয়ে গেলে দলের ওপর চাপ তৈরি হয়। কিন্তু সেই চাপকে তোয়াক্কা না করে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন আয়ুষ। মাত্র ২৫ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে গড়ে ওঠে কার্যকরী জুটি। ইংরেজ বোলারদের সামলাতে গিয়ে রেয়াত করেননি কাউকেই। মাত্র ১৪ ওভারের মধ্যেই শতরান আসে দলের স্কোরবোর্ডে।
আয়ুষের ব্যাট থেকে আসে ৮০ বলে ১২৬ রানের একটি বিধ্বংসী ইনিংস। এই ইনিংসে ছিল ১৩টি চার ও ৬টি ওভার বাউন্ডারি। তিনি যখন আউট হন তখন ভারতের রান ২৬.৪ ওভারে ২১৭। শেষ পর্যন্ত ৪৩ ওভারে ৬ উইকেটে ২৯০ তে পৌঁছে ড্র হয় ম্যাচ। কিন্তু আয়ুষের ইনিংস থেকে দলের আত্মবিশ্বাস নতুন মাত্রা পায়।
আইপিএল অভিষেকও ছিল নজরকাড়া। চেন্নাই সুপার কিংসে সুযোগ পেয়েই স্বচ্ছন্দে মানিয়ে নিয়েছিলেন তিনি। রুতুরাজ গায়কোয়াড়ের জায়গা নেওয়ার পরে সেই আস্থার পূর্ণ মর্যাদা দেন ব্যাট হাতে। এবার দেশের জার্সিতেও তাঁর একই প্রতিভার ঝলক উঠে এল স্পষ্টভাবে।







