খেলাধুলা

ফের বিতর্কে বঙ্গ ক্রিকেট, কেয়া রায়কে ঘিরে প্রশ্নের মুখে সিএবি কর্তা স্নেহাশিস

বঙ্গ ক্রিকেটে প্রশাসনিক অস্বচ্ছতা এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগ যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এবার বিতর্কের কেন্দ্রে প্রাক্তন মহিলা ক্রিকেটার কেয়া রায়। তাঁর উপস্থিতি সিএবি-র এজিএম এবং এসজিএমে নিয়ে উঠেছে গুরুতর প্রশ্ন। অভিযোগ, আন্তর্জাতিক ম্যাচ না খেলেও তাঁকে ‘আন্তর্জাতিক ক্রিকেটার’দের কোটায় বৈঠকে রাখা হয়েছে, যা সিএবি-র নিজস্ব সংবিধানের পরিপন্থী।

বিতর্ক আরও গভীর হয়েছে বিসিসিআইয়ের জেনারেল ম্যানেজার অ্যাবে কুরুভিল্লার একটি ইমেল ঘিরে। ২০২৪ সালের মার্চে সিএবি-কে পাঠানো সেই ইমেলে স্পষ্ট লেখা, কেয়া রায় আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেননি— তাঁর রেকর্ড ‘০, ০, ০’। তিনি কেবল ১৯৭৬ সালে তিনটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন, যা ভারতের প্রথম মহিলা টেস্ট ম্যাচের আগেই অনুষ্ঠিত। সিএবি-র সংবিধান বলছে, কেবল আন্তর্জাতিক ক্রিকেটারদেরই AGM ও SGM-এ উপস্থিতির অধিকার আছে।

অন্যদিকে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের দাবি, ২০১৯ সালে তৎকালীন বিসিসিআই সিইও রাহুল জহুরির পাঠানো তালিকায় কেয়া রায়ের নাম ছিল। সেই কারণেই তাঁকে অনুমতি দেওয়া হয়। তবে দুই বিপরীত ইমেলের ভিত্তিতে বোর্ডের অবস্থান নিয়ে সন্দেহ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

কেয়া রায় এই প্রসঙ্গে মুখ না খুললেও সিএবি-তে তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা পড়তে চলেছে বলে জানা গেছে। বোর্ডের পক্ষ থেকে বিষয়টি কীভাবে ব্যাখ্যা করা হয়, এখন সেদিকেই নজর ক্রিকেট মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.