খেলাধুলা

চার বছর পরও ছন্দে ‘মিস্টার ৩৬০’, লেজেন্ডস লিগে ধাওয়ানদের উড়িয়ে দিলেন এবি ডিভিলিয়ার্স

যে ব্যাট একদিন বিশ্বজোড়া বোলারদের ত্রাস ছিল, অবসর নিয়েও সেই আগুন যেন নিভল না! লেজেন্ডস লিগ ক্রিকেটে ফের নিজের ছন্দে ফিরে এলেন এবি ডিভিলিয়ার্স। চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ইংল্যান্ডের নর্থাম্পটনের মাটিতে তাঁর ব্যাট যেন বলে দিল— “আমি এখনও শেষ হয়ে যাইনি!” আর সেই বিস্ফোরক ব্যাটিংয়ের জেরেই ৮৮ রানের বড় হার শিখর ধাওয়ানদের ভারতের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সরা তোলে ২০ ওভারে ২০৬ রান। ডিভিলিয়ার্স ৩০ বলে অপরাজিত ৬১ রানে শেষ করেন ইনিংস। চারটি চার ও তিনটি বিশাল ছক্কায় সাজানো এই ইনিংস মনে করিয়ে দেয় তাঁর পুরনো দাপট। সঙ্গত দেন হাসিম আমলাও। ইউসুফ পাঠান পান দুটি উইকেট।

রানতাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে ধসে পড়ে ভারত। উথাপ্পা, ধাওয়ান, রায়ডুরা ব্যর্থ হন। রায়না করেন মাত্র ১৬। স্টুয়ার্ট বিনি কিছুটা লড়াই করলেও ভারতের ইনিংস ১৮.২ ওভারে থামে ১১১ রানে। ইমরান তাহির (২ উইকেট) ও ফাঙ্গিসো (৩ উইকেট) কার্যত ধ্বংস করে দেন ভারতীয় ব্যাটিং।

এই হারে দুই ম্যাচে একটিতেও জয় না পাওয়ায় ভারত রয়েছে পয়েন্ট তালিকার শেষে। দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সরা টানা দুই ম্যাচ জিতে শীর্ষে। তবে ম্যাচ শেষে একটাই আলোচনা— ফের ‘ডিভিল’ মোডে এবি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.