টলিউডে নেমে এল কালো ছায়া। দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে অবস্থিত বিখ্যাত ম্যাকনেল স্টুডিয়োয় বৃহস্পতিবার সন্ধ্যায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল স্টুডিয়োর একাধিক ফ্লোর। এখানেই চলছে স্টার জলসার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘বুলেট সরোজিনী’-র শ্যুটিং। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে স্টুডিয়োর বড়ো অংশ, যা মেগা ধারাবাহিকের ভবিষ্যতের ওপরও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করা অভিষেক বীর শর্মার সঙ্গে যোগাযোগ করে সংবাদ সংস্থা। তিনি জানান,”এই ঘটনাটা গতকাল সন্ধ্যার সময় ঘটে। কিন্তু কাল আমার তাড়াতাড়ি প্যাকআপ হয়ে গিয়েছিল। তবে শুধু আমার নয়, পুরো ইউনিটের তাড়াতাড়ি প্যাকআপ হয়ে যায় কাল। তবে আমাদের এক্সিকিউটিভ প্রোডিউসার সহ বেশ কয়েকজন হেড তখন আমাদের সেটে ছিলেন। কিন্তু আমাদের ফ্লোরে তেমন কিছু হয়নি।” তিনি আরও বলেন,”এদিন ওই ফ্লোরগুলিতে সেরকম ভাবে কেউ উপস্থিত ছিলেন না। সাধারণত ফ্লোরে নানা কারণে আগুন লেগেই থাকে তবে তা সেই সময় সামালও দেওয়া যায়। কিন্তু এদিন কেউ সে ভাবে না থাকার কারণে আগুন এই ভয়াবহ রূপ নেয়। তিনিটি ফ্লোরে একসঙ্গে আগুন লাগে।”
সম্ভবত শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। দ্রুত কেউ তা বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার নেয়। তিনটি ফ্লোরেই একযোগে আগুন ছড়িয়ে পড়ে। ফ্লোরে থাকা ব্যক্তিরা জানিয়েছেন,”পুরো শেষ হয়ে গিয়েছে, আর কিছু নেই।” এই ঘটনায় শুক্রবার শ্যুটিং বন্ধ রাখা হলেও, শনিবার থেকে পুনরায় শ্যুটিং শুরু হবে বলে জানান অভিনেতা। প্রসঙ্গত, এই স্টুডিয়োতেই আগে ‘দুই শালিক’ ধারাবাহিকের শ্যুটিং হত। সেই পুরনো সেটও এই আগুনে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ইতিমধ্যেই শোনা যাচ্ছে, কিছুদিনের মধ্যেই শেষ হতে পারে ‘বুলেট সরোজিনী’, তার মাঝেই এমন দুর্ঘটনা নতুন করে অনিশ্চয়তা বাড়াচ্ছে।







