ইতিহাস বদলে দিলেন বেন স্টোকস। ক্রিকেটের দীর্ঘ ১৪৮ বছরের টেস্ট পরম্পরায় যা আগে কখনও হয়নি, সেটাই ঘটালেন ইংল্যান্ডের বর্তমান টেস্ট অধিনায়ক। ভারতের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার টেস্টে বল হাতে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করলেন দুরন্ত শতরান। এই অসাধারণ অলরাউন্ড কীর্তি তাঁকে তুলে দিল বিশ্ব ক্রিকেটের এক বিশেষ তালিকায়—যেখানে আগে নাম লিখিয়েছেন মাত্র চারজন অধিনায়ক।
ইংল্যান্ডের হয়ে ১০৮৮তম টেস্ট খেলতে নেমেছিল দল। এর আগে ৮২ জন ক্রিকেটার দেশের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু কেউই একই টেস্টে শতরান ও ৫ উইকেটের যুগল প্রাপ্তি ঘটাতে পারেননি। ভারতের প্রথম ইনিংসে ৭২ রানে ৫ উইকেট নেওয়ার পর নিজের ইনিংসে ঝকঝকে ১৪১ রান করে এই রেকর্ড নিজের নামে লেখান স্টোকস। এর ফলে তিনি ইংল্যান্ডের প্রথম অধিনায়ক এবং বিশ্বের পঞ্চম অধিনায়ক যিনি এমন নজির গড়লেন।
তাঁর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন ডেনিস অ্যাটকিনসন (১৯৫৫), গ্যারি সোবার্স (১৯৬৬), মুস্তাক আহমেদ (১৯৭৭) এবং ইমরান খান (১৯৮৩)। তবে স্টোকসের কৃতিত্ব আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি এমন নজির গড়েছেন ভারতীয় বোলিং আক্রমণের বিরুদ্ধে এবং কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেই।
এছাড়াও এই শতরান স্টোকসের টেস্ট কেরিয়ারের ১৪তম, আর ভারতের বিরুদ্ধে দ্বিতীয়। এই ইনিংসেই টেস্টে ৭০০০ রানের মাইলফলকও ছুঁয়ে ফেলেছেন তিনি। দুই বছর পর লাল বলের ক্রিকেটে শতরান করে বুঝিয়ে দিলেন—স্টোকস এখনও ইংল্যান্ডের টেস্ট দলের ‘পালস’।







