আজ, ২৩ জুন, দেশের বিশিষ্ট রাজনৈতিক নেতা এবং জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিন। এই দিনে দেশের অখণ্ডতার জন্য নিজের জীবন উৎসর্গ করা এই মহান নেতাকে স্মরণ করে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার সকালে এক্স- টুইটারে পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন,
“ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির শহীদ দিবসে জানাই গভীর শ্রদ্ধা। দেশের অখণ্ডতা বজায় রাখতে তিনি যে সাহসিকতা এবং নিষ্ঠা দেখিয়েছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি গঠনে তাঁর অবদান আমাদের অনুপ্রেরণা জোগায়।”
ডঃ মুখোপাধ্যায়ের জীবন শুরু হয়েছিল ১৯০১ সালের ৬ জুলাই, কলকাতার এক খ্যাতনামা ব্রাহ্মণ পরিবারে। তাঁর পিতা ছিলেন শিক্ষাবিদ ও বিচারপতি স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাঁর প্রভাবে শ্যামাপ্রসাদের চিন্তাধারা গঠিত হয়। ইংরেজিতে স্নাতক হওয়ার পর তিনি ভারতীয় ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৫১ সালে তাঁর উদ্যোগেই গঠিত হয় ভারতীয় জনসঙ্ঘ, যা পরবর্তীতে রূপ নেয় ভারতীয় জনতা পার্টিতে (১৯৮০ সালে)।
কাশ্মীরের সংবিধানিক বিশেষ মর্যাদা, অর্থাৎ ৩৭০ ধারা বিলোপের দাবিতে তিনি আন্দোলন শুরু করেছিলেন। সেই আন্দোলনের সময়ই তাঁকে গ্রেফতার করা হয় এবং বন্দি অবস্থাতেই তাঁর মৃত্যু ঘটে। এই ঘটনাকে অনেকেই শহীদ বরণের সঙ্গে তুলনা করে থাকেন।
প্রধানমন্ত্রী মোদী এর আগেও বহুবার প্রকাশ্যে বলেছেন যে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ তাঁর রাজনৈতিক ও জাতীয় চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে।







