সকাল হতেই হাওড়ার বাগনানে নেমে এল মৃত্যুর ছায়া। বৃহস্পতিবার সকালে জাতীয় সড়কের উপরে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাগনান থেকে শ্যামবাজারগামী একটি যাত্রীবাহী বাস হঠাৎই সজোরে ধাক্কা খায় একটি লরির। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাসের বহু যাত্রী ছিটকে পড়েন রাস্তায়। ঘটনাস্থলেই রক্তাক্ত হন অনেকে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাগনান লাইব্রেরি মোড় থেকে জাতীয় সড়কে উঠছিল বাসটি। সেই সময় কোলাঘাটমুখী একটি লরি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে বাসে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই আহতদের উদ্ধার করে নিয়ে যান বাগনান গ্রামীণ হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, দু’জন বাসযাত্রীকে মৃত ঘোষণা করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন আরও অনেকে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় পুলিশ। আটক করা হয়েছে ঘাতক লরিটিকে। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
আহতদের দেখতে মেডিক্যাল কলেজে ছুটে আসেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। তিনি চিকিৎসকদের নির্দেশ দেন, আহতদের চিকিৎসায় যেন কোনও খামতি না থাকে। ঘটনাস্থলে পৌঁছন উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, মহকুমাশাসক মানস মণ্ডল ও বিডিও রিয়াজুল হকও।
এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার প্রশ্ন তুলল জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।







