“লোকে কী ভাববে?”, “এই কাজটা করলে যদি কেউ খারাপ ভাবে?”— এই সব প্রশ্ন অনেকের মনেই ঘোরে। বিশেষ করে আজকের কর্মব্যস্ত সমাজে, যেখানে সোশ্যাল মিডিয়া থেকে অফিস—প্রতিটি ক্ষেত্রেই রয়েছে মূল্যায়নের চাপ। অনেকেই আছেন, যারা এই মানসিক দোলাচলে পড়ে নিজেদের মত করে সিদ্ধান্ত নিতে পারেন না, কাজেও হয়ে ওঠে না মনঃসংযোগ। এই প্রবণতা শুধু আত্মবিশ্বাস কমিয়ে দেয় না, বরং ধীরে ধীরে মানসিক স্বাস্থ্যেও নেতিবাচক প্রভাব ফেলে।
মনোবিদদের মতে, এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে গেলে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাসে পরিবর্তন আনতে হবে। কী সেই পরিবর্তন? দেখে নিন ৫টি কার্যকরী উপায়—
১. নেতিবাচক ভাবনা থেকে নিজেকে সরান
প্রতিনিয়ত ভাবলে যে “কে কী বলবে?”, “কে কী ভাববে?”, তাহলে নিজের কাজেই বাঁধা পড়ে যাবেন। এর থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়—নিজেকে কোনও গঠনমূলক কাজে ব্যস্ত রাখা। নিজের দক্ষতাকে কাজে লাগান। নিজেকে প্রমাণ করতে গেলে আগে নিজেকেই নিজের ওপর আস্থা রাখতে শিখতে হবে।
২. যোগাযোগ বাড়ান, ছোট আলোচনায় অংশ নিন
সবসময় বড় মাপের কথোপকথনের প্রয়োজন নেই। সহকর্মী বা পরিবারের সদস্যের শরীরের খোঁজ নেওয়া, সাধারণ বিষয় নিয়ে কথোপকথনে অংশ নেওয়াও সাহায্য করে। এতে সামাজিক স্বাচ্ছন্দ্য তৈরি হয় এবং আত্মবিশ্বাস বাড়ে।
৩. প্রতিদিন প্রাণায়াম করুন
প্রতিদিন মাত্র ১০ মিনিট প্রাণায়াম বা শ্বাসনিয়ন্ত্রণের ব্যায়াম মন শান্ত রাখতে সাহায্য করে। মানসিক চাপে যাঁরা ভোগেন, তাঁদের জন্য এই অভ্যাসটি অত্যন্ত উপকারী। মন শান্ত থাকলে বাইরের মন্তব্যে সহজে বিচলিত হওয়ার সম্ভাবনা কমে যায়।
৪. সহায়তা চাওয়ার সাহস রাখুন
অফিস বা পরিবারে নিজের অনিশ্চয়তা বা ভয়কে গোপন না রেখে, বিশ্বাসযোগ্য ব্যক্তির সাহায্য নেওয়া যেতে পারে। বন্ধু বা সহকর্মীর সহানুভূতি, ইতিবাচক কথাবার্তা মানসিকভাবে অনেকটাই শক্তি জোগায়।
৫. প্রস্তুতির অভ্যাস গড়ে তুলুন
কোনো মিটিংয়ে কী বলবেন, কাকে বলবেন—তা আগেভাগে লিখে নিয়ে আয়নার সামনে প্র্যাকটিস করুন। এতে প্রকাশভঙ্গি ও বক্তব্য—উভয়ই স্পষ্ট ও আত্মবিশ্বাসপূর্ণ হয়ে ওঠে। বারবার এই অভ্যাসের ফলে ভয় কেটে যাবে।







