জেলা

বাংলাদেশী বার্জের ধাক্কায় নিখোঁজ ভারতীয় মৎস্যজীবী, শ্যামপুরে শোকের ছায়া

হাওড়া জেলার শ্যামপুর থানার আমবেড়িয়া গ্রামের মৎস্যজীবী রঘুনাথ মণ্ডল (৫৬) এখনও নিখোঁজ। গত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা নাগাদ বাংলাদেশগামী একটি মালবাহী বার্জের ধাক্কায় নৌকা থেকে পড়ে যান তিনি। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

জানা গেছে, রঘুনাথ মণ্ডল ছয়জনের একটি দলের সঙ্গে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। জাল ফেলে ভাসতে ভাসতে তাঁদের নৌকা পৌঁছয় গেঁওখালি ও কুমরাহাটির মধ্যবর্তী এলাকায়। সেই সময় চারটি মাল বোঝাই বাংলাদেশী বার্জ পাশ দিয়ে যাচ্ছিল। এর মধ্যে একটি নৌকার গা ঘেঁষে যাওয়ায় টাল সামলাতে না পেরে রঘুনাথ মণ্ডল ও সহদেব করাচি জলে পড়ে যান।

জলে পড়ে দু’জন দুইদিকে ভেসে যান। সহদেব করাচিকে পরে উদ্ধার করা গেলেও, এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি রঘুনাথ মণ্ডলের।

সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগ, সেই মুহূর্তে কাছেই থাকা অন্য একটি বাংলাদেশী বার্জে সাহায্যের জন্য বারবার আবেদন জানানো হলেও, চালক বা অন্য কেউ সাড়া দেননি।

এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে শ্যামপুর। প্রশ্ন উঠছে আন্তর্জাতিক জলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর মানবিক দায়িত্ব নিয়েও। প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য না মিললেও, কোস্টাল গার্ড ও স্থানীয় প্রশাসনের তৎপরতা চলছে।

নিখোঁজ রঘুনাথ মণ্ডলের পরিবার কার্যত ভেঙে পড়েছে। শোকস্তব্ধ আমবেড়িয়া গ্রামে এখন একটাই প্রশ্ন— কোথায় গেলেন রঘুনাথ মণ্ডল? বার্জের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়েও তদন্তের দাবি উঠছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.