রাজনীতি

হুগলিতে তৃণমূলের অন্দরে তরজা! রচনা বনাম অসিত বিতর্কে অভিষেক, সুব্রত, ববি হাকিমের কাছে নালিশ বিধায়কের

হুগলি জেলার চুঁচুড়ায় তৃণমূলের দুই হেভিওয়েট নেতার মধ্যে প্রকাশ্যে সংঘাত! সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের শীর্ষ নেতৃত্বের কাছে লিখিত অভিযোগ জানালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। শুক্রবার নিজেই সংবাদমাধ্যমের সামনে এই অভিযোগ জানান তিনি।

স্মার্টক্লাস ঘিরে চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে রচনার তহবিল থেকে কাজ শুরু হতেই শুরু হয় দ্বন্দ্ব। অভিযোগ, কাজের খোঁজ নিতে স্কুলে গিয়ে তাণ্ডব চালান বিধায়ক অসিত। প্রধান শিক্ষিকাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। পাল্টা হুঁশিয়ারি দিয়ে সাংসদ রচনা বলেন, “মানুষের পাশে ছিলাম, থাকব। আমায় আটকানোর ক্ষমতা কার আছে দেখব।”

এই বক্তব্যেই আপত্তি বিধায়কের। অসিত মজুমদারের দাবি, তিনি স্কুলে কাউকে গালিগালাজ করেননি, বরং নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন তুলেছিলেন অভিভাবকের অভিযোগের ভিত্তিতে। তিনি বলেন, “আমি স্কুল পরিচালন সমিতির সদস্য। অথচ আমাকে না-জানিয়েই কাজ হচ্ছে। স্কুলে বাইরে থেকে লোক ঢুকেছে। কাগজপত্র, অনুমতি কিছুই নেই। যদি কোনও দুর্ঘটনা ঘটে, দায় কে নেবে?”

সাংসদের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে অসিত বলেন, “উনি আমার মেয়ের মতো। আমি বহু বছর ধরে দল করি। আমার বক্তব্য যদি অন্যায় হয়, তাহলে সেই অন্যায় আমি ১০০ বার করব। আমি গলা চড়িয়েছি, কারণ বেআইনি কিছু দেখলে প্রতিবাদ করবই।”

তবে শিক্ষিকাদের একাংশও অভিযোগ তুলেছেন, বিধায়ক স্কুলে এসে দুর্ব্যবহার করেছেন। এরপরই বৃহস্পতিবার স্কুল পরিদর্শনে যান রচনা। প্রধান শিক্ষিকারাও বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁর সামনে।

এই তীব্র দ্বন্দ্বে দলের মুখপাত্ররা এখনও পর্যন্ত মুখ খোলেননি। তবে বিধায়ক জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী ও ফিরহাদ হাকিমের কাছে অভিযোগ জানিয়েছেন। জেলা নেতৃত্বও বিষয়টি অবগত।

তৃণমূলের অন্দরে এই প্রকাশ্য চাপানউতোর ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। স্কুল, উন্নয়ন, দলীয় শৃঙ্খলা – সব মিলিয়ে হুগলির মাটিতে এখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.