দীর্ঘ এক বছর কেটে গেলেও আর জি কর মেডিক্যাল কলেজের চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় এখনও সঠিক বিচার মেলেনি এই অভিযোগে মুখ ফিরিয়ে নিল রাজ্য সরকারের দেওয়া দুর্গাপুজোর অনুদান থেকে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুটি গুরুত্বপূর্ণ শারদোৎসব কমিটি।
জয়নগরের ৭ ও ১৪ নম্বর পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারা এবছর সরকারের দেওয়া ১ লক্ষ ১০ হাজার টাকার অনুদান নেবে না। এ বিষয়ে প্রশাসনকে জানিয়ে দেওয়ার কথাও জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, ২০২৫ সালে পুজোর আগে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ঘটনায় রাজ্য থেকে শুরু করে দেশের নানা প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল। চিকিৎসক তরুণীর ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘিরে একাধিক আন্দোলন, অবস্থান-বিক্ষোভ, মোমবাতি মিছিল এবং সামাজিক প্রতিবাদ সংগঠিত হয়েছিল। গত বছরও রাজ্যের বেশ কয়েকটি পুজো কমিটি মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদান গ্রহণ করতে অস্বীকার করেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল দক্ষিণ ২৪ পরগনার এই দুটি ক্লাব।
এদিকে, মুখ্যমন্ত্রী দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ৮৫ হাজার থেকে ১ লক্ষ ১০ হাজার টাকা করলেও, রাজ্যের বিভিন্ন স্থানে একের পর এক নারী নির্যাতনের অভিযোগ, কসবার ল’ কলেজে গণধর্ষণের মতো ঘটনা এবং কালীগঞ্জের বিস্ফোরণে শিশুর মৃত্যুর মতো ঘটনায় জনমনে অসন্তোষ ছড়িয়েছে।
এই প্রেক্ষাপটে ৯ আগস্ট ‘অরাজনৈতিক’ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন মৃত চিকিৎসকের পরিবার। তাঁদের সাফ বক্তব্য সত্য ও ন্যায়বিচারের রাস্তায় তাঁরা কোনওভাবেই থামবেন না। যতদিনে ন্যায় না পাওয়ার ক্ষোভ নিয়ে পথে নামছেন সন্তান হারানো বাবা-মা। দ্রোহের আগুন এখনও পর্যন্ত নিভে যায়নি।







