মালদা জেলাজুড়ে ফের চাঞ্চল্য তৈরি করেছে এস–আই–আর (স্টেটমেন্ট অফ ইমিগ্র্যান্ট) সংক্রান্ত বিতর্ক। হিন্দু কমিউনিটি ট্রাস্টের দাবি, এস–আই–আর-এর ফলে কেবল মুসলিম সম্প্রদায়ের মানুষ নয়, বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে আসা বহু হিন্দু পরিবারও বড়সড় সমস্যার মুখে পড়তে চলেছে। মঙ্গলবার মালদা জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিয়ে এই উদ্বেগের কথাই জানালেন সংগঠনের প্রতিনিধিরা।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মালদার হবিবপুর, বামনগোলা, পুরাতন মালদা, গাজোল-সহ বিস্তীর্ণ এলাকায় বহু হিন্দু উদ্বাস্তু পরিবার বসবাস করছেন। বছরের পর বছর ভারতেই জীবন গড়ে তোলার পর এখন এস–আই–আর-এর কারণে তাদের ‘নাগরিকত্ব প্রমাণ’-এর নতুন চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে সিএএ সংক্রান্ত বিধির কারণে। সংগঠনের দাবি, নতুন করে সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়া সম্পন্ন করতে হলে অনেক উদ্বাস্তু হিন্দু ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না। এতে সরাসরি কেটে যাবে তাদের ভোটাধিকারের অধিকার।
হিন্দু কমিউনিটি ট্রাস্টের দাবি, নির্বাচন কমিশনকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। এস–আই–আর-এর রিসিভ কপিকেই যেন ভোটার আইডির সমতুল্য নথি হিসেবে গ্রহণ করা হয়। তাহলেই এই সমস্ত হিন্দু উদ্বাস্তু পরিবার ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না।
স্মারকলিপি জমা দেওয়ার পর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়—দাবি মানা না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামা হবে। তারা অভিযোগ করেন, উদ্বাস্তু হিন্দুদের দুর্দশা নিয়ে কেউ কথা বলছে না। অথচ বছরের পর বছর এই মানুষরা ভারতের নাগরিক হিসেবে সমস্ত কর্তব্য পালন করে এসেছেন।
মালদা জেলা প্রশাসনের তরফে স্মারকলিপি গ্রহণ করা হলেও এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। পরিস্থিতির দিকে এখন তাকিয়ে হিন্দু কমিউনিটি ট্রাস্ট ও স্থানীয় উদ্বাস্তু পরিবারগুলো।







