ম্যাচ খেলে ফেরার পথে সশস্ত্র ডাকাত দলের হামলায় প্রাণ হারালেন ঘানার উদীয়মান ফুটবলার ডমিনিক ফ্রিমপং। মাত্র ২০ বছর বয়সেই থেমে গেল এক সম্ভাবনাময় কেরিয়ার। ঘানা প্রিমিয়ার লিগের ক্লাব বেরেকুম চেলসির এই উইঙ্গারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ফুটবল মহলে। ঘটনাটি নিশ্চিত করেছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন।
জানা গিয়েছে, ঘানার দক্ষিণাঞ্চলের সামরেবোইয়ে শহরে সামারটেক্সের বিরুদ্ধে ম্যাচ খেলে ফিরছিল বেরেকুম চেলসি দল। ফেরার পথে গোয়াসো-বিবিয়ানি সড়কে তাদের বাসটি সশস্ত্র ডাকাত দলের মুখে পড়ে। রাস্তা অবরোধ করে দাঁড়িয়ে পড়ে ডাকাতরা। পরিস্থিতি বুঝে বাসচালক পিছিয়ে যাওয়ার চেষ্টা করলে মুখোশধারীরা আচমকাই রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।
প্রাণ বাঁচাতে খেলোয়াড় ও কোচিং স্টাফরা বাস থেকে নেমে পাশের ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেই সময়ই গুলিবিদ্ধ হন ফ্রিমপং। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর।
ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।
ঘানার ফুটবলে এই ধরনের ঘটনা নতুন নয়। ২০২৩ সালেও একইভাবে সামারটেক্সের বিরুদ্ধে ম্যাচ খেলে ফেরার পথে লেগন সিটিস দলের বাসে হামলা হয়েছিল। যদিও সেই ঘটনায় কেউ হতাহত হননি। কিন্তু এবারের ঘটনায় প্রাণহানির পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন আরও জোরাল হয়েছে।
ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, “ডমিনিক ফ্রিমপংয়ের মৃত্যু শুধু বেরেকুম চেলসির নয়, সমগ্র ঘানা ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এক অসাধারণ প্রতিভা, যার নিষ্ঠা ও আবেগ আমাদের লিগকে সমৃদ্ধ করেছিল।” পাশাপাশি, ভবিষ্যতে ঘরোয়া লিগের ম্যাচে যাতায়াতের সময় ক্লাবগুলোর নিরাপত্তা আরও জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
আদুনা স্টার্সের হয়ে কেরিয়ার শুরু করেছিলেন ফ্রিমপং। পরে লোনে যোগ দেন বেরেকুম চেলসিতে। তরুণ এই ফুটবলারকে ঘানার ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখা হচ্ছিল। অনেকের মতে, আসন্ন বিশ্বকাপের দলেও জায়গা পেতে পারতেন তিনি।
একটি সম্ভাবনাময় ফুটবল জীবনের এই মর্মান্তিক পরিণতি আবারও তুলে ধরল—মাঠের বাইরেও কতটা অনিরাপদ পেশাদার ক্রীড়াবিদদের জীবন।







