যে কোনও খাবার ফ্রিজে রাখলে বেশিদিন টাটকা থাকে। বিশেষ করে গরমকালে ফ্রিজ ছাড়া উপায় নেই। তাই সাধারণত ভারতীয় গৃহস্থলিতে ফ্রিজেই সবজি ও ফল রাখতে দেখা যায়। কিন্তু যদি ফ্রিজ না থাকে বা আচমকা ফ্রিজ খারাপ হয়ে যায়, তাহলে উপায় কী? তখনই মুশকিল আসান করবে ঘরোয়া কৌশল।
** বিশেষজ্ঞরা জানাচ্ছেন, যদি টানা বেশ কয়েকদিন ফ্রিজ না থাকে, তাহলেও খাবার ভাল রাখা সম্ভব। তবে, তার জন্য আমাদের ফিরে যেতে হবে বেশ কিছু বছর আগের পদ্ধতিতে। যখন বাড়িতে বাড়িতে ফ্রিজ ছিলই না। তাঁদের মতে, খাবার ভাল করে গরম করে নিন। তারপর সেটিকে ঢাকা দিয়ে টেবিলে রাখুন। ঘরের পাখা চালিয়ে দিন জোরে। এভাবেই খাবার টাটকা রাখতে পারবেন। রান্না করা খাবার হোক কিংবা সব্জি বা ফল। ঘরের যদি পাখার হাওয়া থাকে, তাহলে তাতেও খাবার ভাল থাকে।
** বিশেষজ্ঞদের মতে, অনেকক্ষণ ধরে কারেন্ট নেই কিংবা ফ্রিজ খারাপ হয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে খাবার ভাল রাখতে খাবারের পাত্রগুলিকে বসিয়ে রাখুন জলের উপর। একটি থালার মধ্যে টাটকা জল ঢেলে দিন। আর খাবারের পাত্রগুলিকে বসিয়ে দিন সেই জলের থালার উপর। ব্যস। এভাবেই ভাল থাকবে খাবার।







