বিধানসভা নির্বাচনের উত্তপ্ত আবহের মধ্যেই আইনি জটিলতায় জড়ালেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। বহু পুরনো একটি কবিতাকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ঘটনায় রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে শুরু হয়েছিল ব্যাপক চর্চা। অবশেষে শনিবার নদিয়ার কৃষ্ণনগর জেলা আদালতে হাজির হয়ে স্বস্তি পেলেন কবি। আদালত তাঁকে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে।
জানা গিয়েছে, ২০১৯ সালে আইনজীবী রোমিত শীল শ্রীজাতর বিরুদ্ধে মামলা দায়ের করেন। অভিযোগ, ২০১৭ সালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ‘অভিশাপ’ নামের একটি কবিতায় হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। বিশেষ করে কবিতার একটি লাইনে শিবলিঙ্গ সংক্রান্ত মন্তব্য নিয়ে আপত্তি তোলা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা শুরু হয়।
আদালত সূত্রে খবর, মামলার শুনানির জন্য একাধিকবার সমন পাঠানো হলেও নির্ধারিত সময়ে আদালতে হাজির হননি শ্রীজাত। এরপর গত ২০ এপ্রিল তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। নির্বাচনের মুখে সেই নির্দেশ সামনে আসতেই নতুন করে বিতর্ক দানা বাঁধে। বিরোধী মহলের একাংশ এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করে। যদিও নির্বাচন কমিশন সেই অভিযোগ খারিজ করে দেয়।
শনিবার কৃষ্ণনগর জেলা আদালতে সশরীরে হাজির হয়ে জামিনের আবেদন জানান কবি। মামলাকারী পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন, বারবার তলব করা সত্ত্বেও অভিযুক্ত হাজিরা এড়িয়ে গিয়েছিলেন, তাই জামিন দেওয়া উচিত নয়। তবে উভয় পক্ষের সওয়াল-জবাব শুনে আদালত শেষ পর্যন্ত শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন দেয়।
আদালতের নির্দেশ অনুযায়ী, অনুমতি ছাড়া আপাতত কৃষ্ণনগর ও কলকাতার বাইরে যেতে পারবেন না শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁকে ২ হাজার টাকার ব্যক্তিগত বন্ড জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
এই ঘটনাকে ঘিরে সাহিত্য মহল থেকে রাজনৈতিক মহল— সর্বত্রই আলোচনা তুঙ্গে। মতপ্রকাশের স্বাধীনতা বনাম ধর্মীয় অনুভূতিতে আঘাত— পুরনো সেই বিতর্ক ফের একবার সামনে চলে এল এই মামলাকে ঘিরে।







