লক্ষ্মীর ভান্ডার , তৃণমূলের ভোট বৈতরণীর অন্যতম হাতিযার । কিন্তু এবার সেই লক্ষ্মীর ভান্ডারকেই ‘ ভিক্ষে ‘ বলে কটাক্ষ অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। তবে শুধু লক্ষ্মীর ভান্ডার নয় , তৃণমূলের নতুন প্রকল্প ‘ আমাদের পাড়া , আমাদের সমাধান ‘ নিয়ে সমালোচনা শোনা গেলো মিঠুন চক্রবর্তীর গলায় ।
মিঠুন চক্রবর্তীর কথায়, “আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনও ভিক্ষে নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার, কাজ করার দরকার নেই। এসব ভিক্ষে ছাড়া কিছু নয়।”
তৃণমূল এবং সিপিএম মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। বাঁকুড়া সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় জানান , জনসাধারণের জন্যই অভিনয় করে মিঠুন চক্রবর্তী আজ এই জায়গা পেয়েছেন । তৃণমূল সভাপতির কথায় , এসব কথা বলে তিনি , মানুষকে নাকি অপমান করছেন ।
সিপিএম-র রাজ্য কমিটির সদস্য অভয় মুখোপাধ্যায় এপ্রসঙ্গে আবার বলেছেন , “মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে। মানুষ সব বুঝতে পারছে।”







