জেলারাজনীতি

ভোটার তালিকা সংশোধন নিয়ে ডায়মন্ড হারবারে বিজেপির আক্রমণ

ভোটার তালিকার সংশোধন অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘাত চরমে। এই প্রেক্ষাপটে এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুললেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর।

বিজেপি নেতার দাবি, গত ৪ বছরে ডায়মন্ড হারবারের ১ হাজার ৭২৪টি বুথের মধ্যে ৩০১টিতে ১৫ শতাংশেরও বেশি ভোটার বৃদ্ধি হয়েছে। যার মধ্যে রয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৩৫টি বুথ, ফলতার ১৭টি, সাতগাছিয়ার ৩৬টি, বিষ্ণুপুরের ৯২টি, মহেশতলার ৮৯টি ও বজবজের ৩২টি বুথ।

অনুরাগ ঠাকুরের অভিযোগ, এই কেন্দ্রের ভোটার তালিকায় ২,৫৯,৭৭৯ জন সন্দেহজনক ভোটার রয়েছেন। যাদের মধ্যে ৩,৬১৩ জন ডুপ্লিকেট, ১,৫৫,৩৬৫ জনের ঠিকানা ভুয়ো, আর ২৯০ জন ভোটারের আত্মীয়ের নামেও নথিতে জাল। এমনকি একই ঠিকানায় ভিন্ন ধর্মাবলম্বী একাধিক ব্যক্তির নামও তালিকায় যোগ করা হয়েছে। বিজেপি সাংসদ আরও উদাহরণ টেনে বলেন, সাতগাছিয়ায় সারিমান বিবির নাম প্রথমবার তালিকায় উঠছে, অথচ তাঁর বয়স ৮৯ বছর। বিষ্ণপুরে ৯৪ বছর বয়সি সালেহ মোল্লার নাম নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছে।

এপ্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, “ফলতায় ১৭, ডায়মন্ড হারবারে ৩৫, বিষ্ণুপুরে ৯২, মহেশতলায় ৮৯, বজবজে ৩২, অভিষেক বন্দ্যোপাধ্যায়জি কোথায় আছেন আপনি! ডায়মন্ড হারবারে কী চলছে দেখুন, চেক করুন। একই ঘর নম্বর অথচ ভিন্ন ধর্মের মানুষ সেখানে থাকছেন ! ডায়মন্ড হারবার লোকসভার ফলতা বিধানসভা কেন্দ্রে বুথ নম্বর ১০৩-এর ঘর নম্বর ০০১১, এমনই দেখা গিয়েছে।”

এ প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন, “কোথাও ভোট বাড়া সেটা তো অন্যায় হতে পারে না। প্রধানমন্ত্রীর কেন্দ্র নিয়েও অনুবীক্ষণ যন্ত্রের তলায় বিশ্লেষণ প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাড়ে ৭ লক্ষ ভোটে জিতেছেন, তার ধাক্কা এখনও বিজেপি সহ্য করতে পারছে না। অনুরাগ ঠাকুর প্রথমে বলুন, আপনাদের দল ক’টা বুথে পুনরায় ভোট চেয়েছিল ?”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.