ছুটির আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল ওড়িশার বাসিন্দা নারায়ণ সাউ (৪২)-এর। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া অপর এক পর্যটক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর পর্যটকদের নিরাপত্তায় কড়া ব্যবস্থা নিয়েছে দিঘা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নারায়ণ সাউ মূলত ওড়িশার বাসিন্দা হলেও ব্যবসার কাজে হাওড়ার লিলুয়ায় থাকতেন। স্বাধীনতা দিবস ও সপ্তাহান্ত মিলিয়ে তিন দিনের ছুটিতে ৯ জনের একদল বৃহস্পতিবার সকালে দিঘা বেড়াতে যান। পৌঁছে ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নেমে পড়েন সবাই। স্নানের মাঝেই দু’জন তলিয়ে যান। খবর পেয়ে দিঘা মোহনা থানার পুলিশ দ্রুত উদ্ধার করে তাঁদের দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা নারায়ণকে মৃত ঘোষণা করেন। অন্য পর্যটক এখনও হাসপাতালে ভর্তি।
দিঘা মোহনা থানার ওসি প্রবীর সাহা বলেন, “সমুদ্রস্নানে নেমে দুই পর্যটক তলিয়ে যান। একজনকে জীবিত উদ্ধার করা গেলেও, অপরজনের মৃত্যু হয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।” সপ্তাহান্তে দিঘায় ভিড় বাড়ার আশঙ্কায় পুলিশের তরফে সমুদ্রে নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।







