প্রায় ১.৬ লক্ষ পোস্ট অফিস আর ৪০ কোটিরও বেশি গ্রাহক—দেশের সবচেয়ে বড় ব্যাঙ্কিং অবকাঠামো আজ ভয়াবহ আর্থিক সংকটে। ডাক বিভাগের সদ্য প্রকাশিত ২০২৪-২৫ অর্থবর্ষের রিপোর্টে জানা গেছে, লোকসান দাঁড়িয়েছে প্রায় ২৪,৫৫৩ কোটি টাকা। আর মোদী সরকারের আমল ধরে হিসাব করলে ক্ষতির অঙ্ক ইতিমধ্যেই দেড় লক্ষ কোটির গণ্ডি ছাড়িয়েছে। চিঠি বিলির সেই সোনালি দিন অনেক আগেই হারিয়ে গেছে। এখন ডাক বিভাগের প্রধান ভরসা পার্সেল সার্ভিস, সরকারি সঞ্চয় প্রকল্পের কমিশন আর পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। তবুও গ্রাহকেরা সন্তুষ্ট নন। অভিযোগ—ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও প্রয়োজনীয় পরিষেবা মিলছে না।
সমস্যার মূলে রয়েছে অব্যবস্থা। বহু ডাকঘরে কর্মীর তীব্র ঘাটতি, ফর্ম ও চেকবইয়ের অভাব, ভাঙা বা অকেজো প্রিন্টিং মেশিন—সব মিলিয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে আধুনিক পরিষেবা চালুর প্রচেষ্টা। ফলে ক্রমশ বাড়ছে গ্রাহকের অসন্তোষ। দফতরের কর্তারাও মেনে নিচ্ছেন, বিপুল কর্মীসংখ্যার বেতন আর অফিস চালানোর খরচই বাজেটের বড় অংশ গিলে ফেলছে। তার সঙ্গে আয় না বাড়ায় লোকসান দিন দিন অচিন্তনীয় মাত্রায় পৌঁছচ্ছে।
এখন প্রশ্ন একটাই—দেশের সবচেয়ে বড় এই ব্যাঙ্কিং নেটওয়ার্ক কি ঘুরে দাঁড়াতে পারবে? নাকি ইতিহাসের পাতায় মিলিয়ে যাবে ডাক বিভাগের একদা গৌরবময় অধ্যায়? উত্তর এখনও অন্ধকারে।







