মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে বদলে গেছে রাজধানীর চেহারা । শহরের অধিকাংশ রাস্তা জলে তলিয়ে যাওয়ায় জনজীবন কার্যত অচল। অফিসগামী থেকে শুরু করে রোগী, সকলের জন্যই পরিস্থিতি হয়েছে অসহনীয়।
এমন এক বিশৃঙ্খল অবস্থার মধ্যেই ঘটে গেল হৃদয়বিদারক ঘটনা। এনএইচ-৮-এর একটি আন্ডারপাসে হঠাৎ করেই থমকে দাঁড়াল একটি অ্যাম্বুলেন্স। গাড়িটি জলমগ্ন জায়গায় ঢুকতেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ভেতরে ছিলেন এক গুরুতর অসুস্থ রোগী এবং তার ছেলে। বাবার শ্বাসকষ্ট বাড়তে থাকায় হতভম্ব ছেলেটি চারপাশের মানুষের কাছে সাহায্য চাইতে থাকে। কান্নাজড়িত কণ্ঠে তার আর্তি—“দয়া করে, জল থেকে আমাদের বের করুন!”
কিন্তু ততক্ষণে অ্যাম্বুলেন্সের ভেতরেও জল ঢুকে পড়েছে। অসহায় অবস্থায় বাবা-ছেলে হাসপাতালে পৌঁছাতে পারেননি। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন।







