তিন মাসের ব্যবধানে ফের বিধ্বংসী আগুন শপিং মলে। ঘটনাটি ঘটেছে মুম্বাই তে।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধে সাতটা নাগাদ মুম্বই শহরের জৈন মন্দির রোডের একটি তিন তলা শপিংমলে আচমকা আগুন লেগে যায়। ওই সময় মলের ভিতরে আটকে পড়া বহু মানুষ আতঙ্কে হুডো়হুড়ি করে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন অনেকে। গোটা ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শপিং মল চত্বরে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করেও আগুন নিয়ন্ত্রণে না এলে স্থানীয়রা দমকলে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই দমকল ঘটনাস্থলে পৌঁছে শপিং মলের ভিতরে আটকে পড়া বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত মোট ১৮ জনকে উদ্ধার করতে পেরেছেন দমকল কর্মীরা। ভিতরে আরও কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে।
প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর যোগেশ্বরী এলাকার একটি শপিং মলে আগুন লেগেছিল। ওই সময় মলের ভেতর আটকে পড়েছিলেন ১৪ জন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করেছিলেন দমকল কর্মীরা।







