আর মাত্র কয়েকদিন পরেই ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। এক কথায় তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব এটি। প্রতিবছর দেশ-বিদেশ থেকে লক্ষাধিক ভক্ত ও পর্যটক মা তারার দর্শনে তারাপীঠে ভিড় জমান। ভক্তদের বিশ্বাস, এই শুভদিনে মন দিয়ে মা তারার কাছে প্রার্থনা করলে অসাধ্যও সাধন হয়।
তবে গত কয়েক বছরে অমাবস্যার দিন তারাপীঠে পর্যটকের ভিড় কিছুটা কমেছে। অভিযোগ উঠেছে, প্রশাসনের একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও অনেক হোটেল অতিরিক্ত ভাড়া নিচ্ছে। আবার এক দিনের পরিবর্তে তিন দিনের বাধ্যতামূলক প্যাকেজ দিয়ে পর্যটকদের সমস্যায় ফেলছে। ফলে বহু মধ্যবিত্ত ভক্তের পক্ষে একদিনের জন্য পুজো দিয়ে ফিরে আসা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতি এড়াতে এ বছর কড়া পদক্ষেপ নিয়েছে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন। সংস্থার সেক্রেটারি সুনীল গিরি জানিয়েছেন—
“প্রতি বছর পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়ার অভিযোগ আসে। তাই এবার স্পষ্ট নির্দেশ, কোনওভাবেই তিন দিনের প্যাকেজ রাখা যাবে না। ভক্ত চাইলে এক দিনের জন্যও হোটেল পাবেন।”
এছাড়া কৌশিকী অমাবস্যার দিন পর্যটকদের সাহায্যের জন্য খোলা থাকবে হেল্প ডেস্ক। কোনও হোটেল কর্তৃপক্ষ যদি নিয়ম ভেঙে বাড়তি ভাড়া দাবি করেন, তবে সঙ্গে সঙ্গেই হোটেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।







