বিনোদন

অনুপম খেরের গান্ধী রূপ, ট্রেলার উন্মোচনকে ঘিরে উত্তাপ কলকাতায়

কথায় আছে—রত্নই রত্নকে চেনে। তাই অনেকের মতে, নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ অনুরাগী হিসেবে অনুপম খের ও পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর মধ্যে বোঝাপড়া হওয়াটা একেবারেই অস্বাভাবিক নয়। সেই জল্পনা সত্যি করেই আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এ মহাত্মা গান্ধীর চরিত্রে দেখা যাবে অনুপম খেরকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৫ সেপ্টেম্বর।

শনিবার, ১৬ আগস্ট কলকাতার একটি অভিজাত হোটেলে ছবির ট্রেলার লঞ্চের আয়োজন করা হলেও, অনুষ্ঠান ঘিরে হইচই পড়ে যায়। কর্তৃপক্ষ আপত্তি জানালে পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত পুলিশ হস্তক্ষেপ করে। এর আগে পরিচালক অগ্নিহোত্রী কালীঘাট ও শহিদ মিনার চত্বর ঘুরে ছবির প্রচারের পরিকল্পনাও করেছিলেন।

নিজের চরিত্রের প্রথম ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে অনুপম খের লিখেছেন—
“কিছু চরিত্র মানুষকে ভিতর থেকে বদলে দেয়। গান্ধীজিকে ফুটিয়ে তোলার অভিজ্ঞতা আমার চিন্তা, অভ্যাস ও সত্তাকে পাল্টে দিয়েছে। কোনও প্রোস্থেটিক মেকআপ ব্যবহার করা হয়নি। জয় হিন্দ!”
গান্ধীর অবয়বে খেরের সেই রূপান্তর ইতিমধ্যেই দর্শক মহলে আলোচনার কেন্দ্রে।

‘দ্য বেঙ্গল ফাইলস’ আসলে অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ও ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর পর তৃতীয় কিস্তি। এ ছবির পটভূমি ১৯৪৬ সালের ডাইরেক্ট অ্যাকশন ডে তথা কলকাতা হত্যাকাণ্ড—ভারতের ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়। সম্প্রতি প্রকাশিত পোস্টারে দুর্গামূর্তির প্রতীকী ব্যবহার ছবির ভিজ্যুয়াল আবেদন আরও বাড়িয়েছে।

চলচ্চিত্রটিতে অনুপম খের ছাড়াও আছেন মিঠুন চক্রবর্তী, পল্লবী জোশী ও দর্শন কুমার। প্রযোজনায় রয়েছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী জোশী, আর উপস্থাপনায় তেজ নারায়ণ আগরওয়াল ও আই অ্যাম বুদ্ধা।

ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহসী গল্পকথন ও অনুপম খেরের গান্ধীরূপ—সব মিলিয়ে ছবিটি ইতিমধ্যেই আলোচনায়। তবে রাজনৈতিক মহলের মতে, বাংলার ভোট রাজনীতিকে মাথায় রেখেই ছবির মধ্যে দিয়ে এক বিশেষ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে। সেই কারণেই শুরু হয়েছে বিতর্ক ও আপত্তির সুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.