ফের আতঙ্কের ছায়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবারে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু সৌরভ নন, তাঁর স্ত্রী তথা নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কেও নিশানা করে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ। ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন গঙ্গোপাধ্যায় পরিবার।
অভিযোগ, হুমকি চিঠিতে সৌরভ ও ডোনাকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে। এমনকি ‘তোমাদের খতম করে দেব’ বলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই আর কোনও ঝুঁকি নিতে চাননি সৌরভের পরিবার।
ঘটনার পর পুলিশের দ্বারস্থ হয়েছে গঙ্গোপাধ্যায় পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। কে বা কারা এই হুমকি চিঠি পাঠিয়েছে, কেনই বা সৌরভ ও ডোনাকে নিশানা করা হল—তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। চিঠির নেপথ্যে কোনও পুরনো ঘটনার যোগ রয়েছে কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও সৌরভকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও সম্মানহানিকর পোস্ট করার অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ঠাকুরপুকুর থানায় অভিযোগও জানিয়েছিলেন তিনি।
তবে এবার বিষয়টি আরও গুরুতর। কারণ, সোশ্যাল মিডিয়ায় কটূক্তির অভিযোগের পর এবার সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছে। ফলে সৌরভ-ডোনা দু’জনের নিরাপত্তা নিয়েই তৈরি হয়েছে উদ্বেগ। হুমকি চিঠির উৎস খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ।







