বঙ্গোপসাগরে ফের নতুন নিম্নচাপের ইঙ্গিত। সোমবার থেকেই রাজ্যের আবহাওয়ায় বদলের আভাস দিচ্ছে হাওয়া অফিস। সপ্তাহের শুরু থেকে বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ও বুধবার দমকা হাওয়ার সঙ্গেও বজ্রঝড় হতে পারে।
উত্তরবঙ্গেই ভারী বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার—এই জেলাগুলিতে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহেও বিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে আংশিক প্রভাব
অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দুই-এক পশলা বৃষ্টি হবে। মঙ্গলবার ও বুধবার বজ্রঝড়ের সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আকাশ সারাদিনই মেঘলা থাকার সম্ভাবনা।
নিম্নচাপের প্রভাব
এদিকে, ওড়িশা-অন্ধ্র উপকূলের নিম্নচাপটি বর্তমানে ছত্তিশগড়ের উপর অবস্থান করছে এবং ধীরে ধীরে গুজরাটের দিকে সরে যাবে। তবে এর প্রভাব কিছুটা হলেও বাংলায় পড়তে পারে। পাশাপাশি সোমবারের মধ্যেই বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে বলে মনে করছে হাওয়া অফিস। ফলে সপ্তাহের মাঝামাঝি ফের রাজ্যের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা দিতে পারে।
ভারী বৃষ্টির সম্ভাবনা কমলেও সতর্কবার্তা
হাওয়া অফিস জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা কমছে। তবে বজ্রঝড়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।







