‘বন্দে মাতরম’ বিতর্কে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল কংগ্রেস। ছয়টি স্তবকের সম্পূর্ণ গান নয়, বরং ঐতিহাসিকভাবে কংগ্রেসের অধিবেশনগুলিতে যে দু’টি স্তবক গাওয়া হয়ে থাকে, ভবিষ্যতেও সেই দু’টি স্তবকই গাওয়া হবে বলে জানিয়ে দিল হাত শিবির। কেন্দ্রের তরফে পুরো ‘বন্দে মাতরম’ গাওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে, তা মানা হবে না বলেই কংগ্রেসের অবস্থান।
অর্থাৎ ‘বন্দে মাতরম’ ইস্যুতে মোদি সরকারের সঙ্গে সংঘাতের পথেই হাঁটছে কংগ্রেস। দলের বক্তব্য, কংগ্রেসের নিজস্ব অনুষ্ঠানগুলিতে ঐতিহ্য মেনে দু’টি স্তবকই পরিবেশন করা হবে। সেই অবস্থান স্পষ্ট করেই গোয়ায় দলের সম্মেলনে ‘বন্দে মাতরম’-এর দুই স্তবক গাওয়া হয়েছে।
এই প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “গত ৯০ বছর ধরে ‘বন্দে মাতরম’ যে ভাবে গাওয়া হয়ে আসছে, কোনও সরকার এসে তা বদলে দিতে পারে না। আজ একটি সরকার নিয়ম বদলাবে, আর আগামী দিনে অন্য সরকার এসে ফের নতুন নিয়ম তৈরি করবে—এটা হতে পারে না।”
খাড়গের দাবি, ‘বন্দে মাতরম’-এর মূল সংস্করণ গাওয়া যদি অপরাধ হয়ে থাকে, তাহলে মহাত্মা গান্ধী, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর বিরুদ্ধেও অভিযোগ হওয়া উচিত। তাঁর কথায়, “আমরা সেই ‘বন্দে মাতরম’ই গেয়েছি, যা মহাত্মা গান্ধী গেয়েছিলেন, জওহরলাল নেহরু গেয়েছিলেন। এমনকী অটলবিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও একই ‘বন্দে মাতরম’ গেয়েছিল। মুখ্যমন্ত্রী হিসেবে ১২ বছর ধরে নরেন্দ্র মোদিও সেই একই গান গেয়েছেন।”
তিনি আরও বলেন, “যদি এটিই অপরাধ হয়, তাহলে গত ১৮ বছর ধরে তাঁরাও একই অপরাধ করে আসছেন। যদি এই গান গাওয়া অপরাধ হয়ে থাকে, তাহলে মহাত্মা গান্ধীর বিরুদ্ধেও মামলা করা উচিত।”
উল্লেখ্য, স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেওয়ার অভিযোগে সোমবার দিল্লি পুলিশের কাছে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যায়, অনুষ্ঠানের এক পর্যায়ে কয়েকজন তরুণী ‘বন্দে মাতরম’ পরিবেশন করছেন। সেই সময় সোনিয়া গান্ধীর কিছু অঙ্গভঙ্গি ঘিরে দাবি ওঠে, তিনি নাকি কর্মীদের গান থামিয়ে দিতে নির্দেশ দিচ্ছেন।
যদিও কংগ্রেসের তরফে সোনিয়ার ওই আচরণের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবে গোয়া সম্মেলনে দলের অবস্থান কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে। তবে এই ইস্যুতে কংগ্রেসের অন্দরেও মতভেদ রয়েছে। দলের একাংশের মতে, ‘বন্দে মাতরম’ বিতর্কের সঙ্গে জাতীয়তাবাদ এবং হিন্দুত্বের প্রশ্নও জড়িয়ে রয়েছে। ফলে বিষয়টি নিয়ে অত্যন্ত সতর্কভাবে এগোনো প্রয়োজন। বুধবার কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে এই ইস্যু নিয়ে আলোচনা হতে পারে।







