টলিপাড়ায় এখন একটাই প্রশ্ন—কে কে ঢুকছেন ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর ঘরে? ৩০ অগাস্ট থেকে শুরু হতে চলা এই জনপ্রিয় রিয়্যালিটি শো ঘিরে ইতিমধ্যেই তুঙ্গে উত্তেজনা। আর এবারের সবচেয়ে বড় চমক, সঞ্চালকের আসনে থাকছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
তবে সঞ্চালককে ঘিরে যতটা আলোচনা, তার চেয়েও বেশি কৌতূহল প্রতিযোগীদের নিয়ে। সেই জল্পনাতেই এবার নতুন নাম—অভিনেতা ভরত কল। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, তাঁর কাছে নাকি পৌঁছেছে বিগ বসের ঘরে যাওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব। যদিও শেষ পর্যন্ত তিনি সেই প্রস্তাবে সম্মতি দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।
শুধু ভরত কল নন, সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় একের পর এক তারকার নাম উঠে আসছে। আলোচনায় রয়েছেন জীতু কমল। শোনা যাচ্ছে, দীর্ঘ শিডিউলের কথা মাথায় রেখে নিজের চলতি ওয়েব সিরিজের কাজ দ্রুত গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন তিনি।
অন্যদিকে, মনামি ঘোষ-কে নিয়েও জোর চর্চা চলছে। সূত্রের খবর, তাঁকে ঘরে আনার বিষয়ে কথাবার্তা নাকি বেশ খানিকটা এগিয়েছে। তালিকায় রয়েছেন সৃজলা গুহ এবং গায়ক দুর্নিবার সাহা-র নামও।
এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া দুনিয়া থেকেও একাধিক মুখকে ঘরে আনার চেষ্টা চলছে বলে খবর। সেই তালিকায় সায়ক চক্রবর্তীর নামও শোনা যাচ্ছে।
তবে পুজোর মরসুম এবারের প্রতিযোগী নির্বাচনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই খবর। টলিপাড়ার একাধিক জনপ্রিয় মুখ নাকি মোটা অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব পেয়েও পুজোর সময় কলকাতা ছাড়তে রাজি হননি।
সব জল্পনার অবসান অবশ্য হবে ৩০ অগাস্ট। সেদিনই সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে একে একে প্রকাশ্যে আসবে ‘বিগ বস বাংলা সিজন ৩’-এর প্রতিযোগীদের পরিচয়। তার আগে পর্যন্ত ভরত কল থেকে জীতু, মনামি থেকে সৃজলা—কার নাম সত্যি আর কার নাম শুধুই জল্পনা, সেটাই এখন দেখার।







