শাহরুখ খান ও প্রিয়ঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় বলিউডে তোলপাড় হয়েছিল। সেই প্রসঙ্গেই ফের আলোচনার সূত্রপাত করলেন প্রযোজক শৈলেন্দ্র সিংহ। এক সাক্ষাৎকারে তিনি জানান, শাহরুখ ও প্রিয়ঙ্কার মধ্যে বহু বিষয়ে মিল রয়েছে এবং দু’জনেই শীর্ষে থাকার যোগ্য মানুষ।
শৈলেন্দ্র সিংহের দাবি, বলিউড প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে ন্যায্য আচরণ করেনি। অভিনেত্রীকে তাঁর প্রাপ্য সম্মান দেওয়া হয়নি বলেই মত তাঁর। শৈলেন্দ্র বলেন, “আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া উচিত প্রিয়ঙ্কা চোপড়ার মতো মানুষের। আমি বারবার প্রশ্ন করেছি—বলিউডের কণ্ঠস্বর কে? গত ১৫ বছর ধরে সেই জায়গায় কর্ণ জোহর ছিলেন। কিন্তু কেন তিনিই মুখপাত্র হবেন?”
তাঁর মতে, প্রিয়ঙ্কাই বলিউডের মুখপাত্র হওয়ার যোগ্য ছিলেন। শৈলেন্দ্রের কথায়, “আমরা ওঁর সঙ্গে এমন আচরণ করেছি যে তাঁকে দেশ ছেড়ে যেতে হয়েছে। সবচেয়ে বুদ্ধিমতী অভিনেত্রীকে আমরা হারিয়ে ফেলেছি।”
শুধু অভিনেত্রী হিসেবেই নয়, মানুষ হিসেবেও প্রিয়ঙ্কার প্রশংসা করেছেন তিনি। ‘দেশি গার্ল’-এর প্রশংসায় শৈলেন্দ্র বলেন, “শাহরুখ নিজের কাজ খুব ভালো বোঝেন। তিনি জানেন তিনি কে এবং খ্যাতি কীভাবে সামলাতে হয়। প্রিয়ঙ্কা ও শাহরুখ—দু’জনেই শীর্ষে থাকার মতো মানুষ। এঁদেরই তো আমাদের ইন্ডাস্ট্রির অ্যাম্বাসাডর হওয়া উচিত।”
তিনি আরও যোগ করেন, “ওঁদের মধ্যে বহু মিল রয়েছে। দু’জনেই অসম্ভব প্রতিভাবান এবং অত্যন্ত দক্ষতার সঙ্গে নিজেদের কেরিয়ার সামলেছেন।”
প্রযোজকের এই মন্তব্যে ফের একবার বলিউডে প্রিয়ঙ্কা চোপড়ার অবস্থান ও তাঁর সঙ্গে ইন্ডাস্ট্রির আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।







