ভাইফোঁটা মানেই ভাই-বোনের খুনসুটি, ভালোবাসা আর জমিয়ে খাওয়াদাওয়া। এই বিশেষ দিনে ভাইয়ের পাতে পছন্দের খাবার তুলে দিতে ব্যস্ত থাকেন বোনেরা। মিষ্টিমুখ ছাড়া আবার উৎসবের আনন্দই যেন অসম্পূর্ণ। তবে দোকান থেকে মিষ্টি কিনে আনার প্রয়োজন নেই। বাড়িতেই খুব সহজে তৈরি করে ফেলতে পারেন সুস্বাদু মিষ্টি দই। তাও আবার মাত্র ১০ মিনিটের প্রস্তুতিতেই! অল্প কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যাবে এই জনপ্রিয় মিষ্টি। রইল সহজ রেসিপি।
**উপকরণ:**
– ঘন টক দই ১ কাপ
– কনডেন্সড মিল্ক আধা কাপ
– গুঁড়ো দুধ ২ টেবিল চামচ
– এলাচ গুঁড়ো সামান্য
– জাফরান বা পেস্তা কুচি (ইচ্ছেমতো)
**প্রণালী:**
প্রথমে একটি বড় পাত্রে টক দই নিয়ে ভাল করে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন, দইয়ের মধ্যে যেন কোনও দানা না থাকে। এবার তার মধ্যে কনডেন্সড মিল্ক ও গুঁড়ো দুধ মিশিয়ে নিন। মিষ্টির স্বাদ অনুযায়ী কনডেন্সড মিল্কের পরিমাণ কম-বেশি করতে পারেন।
এরপর মিশ্রণের মধ্যে সামান্য এলাচ গুঁড়ো দিয়ে আবার ভাল করে নাড়ুন। এবার ছোট ছোট বাটিতে মিশ্রণটি ঢেলে উপরে পেস্তা কুচি বা জাফরান ছড়িয়ে দিন। বাটিগুলি ঢেকে ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া মিষ্টি দই।
**বিশেষ টিপস:**
আরও ঘন ও মোলায়েম স্বাদ পেতে ঘন টক দই ব্যবহার করুন। দইয়ের জল থাকলে আগে তা ঝরিয়ে নিতে পারেন। মনে রাখবেন, ১০ মিনিটে মিশ্রণ তৈরি হলেও দই জমতে ফ্রিজে কয়েক ঘণ্টা সময় লাগবে।
এবার ভাইফোঁটার মেনুতে দোকানের মিষ্টির বদলে পরিবেশন করুন নিজের হাতে তৈরি মিষ্টি দই। ভাইয়ের মুখে হাসি ফোটাতে এই সহজ পদই হয়ে উঠতে পারে বিশেষ আকর্ষণ!







