গুজরাটের বডোদরার নাভাপুরা থানার এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। অভিযোগ, বিয়ের কয়েক মাসের মধ্যেই এক ৪০ বছর বয়সি গৃহবধূ বারবার ধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্ত হিসেবে উঠে এসেছে তাঁর শ্বশুর ও ননদের স্বামীর নাম। আরও চাঞ্চল্যকর অভিযোগ, এই ঘটনার বিষয়ে স্বামী জানতেন, কিন্তু প্রতিবাদ করার বদলে স্ত্রীর নগ্ন ছবি ফাঁস করার ভয় দেখিয়ে তাঁকে চুপ থাকতে বাধ্য করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার বিয়ে হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারিতে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে দাবি করা হয়, বয়সের কারণে হয়তো সন্তান ধারণে অসুবিধা হতে পারে। পরে চিকিৎসক জানান, আসলে স্বামীর শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম। চিকিৎসকের পরামর্শে ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) করা হলেও সফল হয়নি। মহিলা দত্তক নেওয়ার প্রস্তাব দিলে পরিবার তা মানতে চায়নি।
এর পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। অভিযোগ, গত বছরের জুলাই মাসে প্রথমবার গভীর রাতে শ্বশুর তাঁর ঘরে ঢুকে ধর্ষণ করেন। চিৎকার করলে মারধরও করা হয়। ঘটনা স্বামীকে জানালে, তিনিই হুমকি দেন—যদি মুখ খোলেন, তবে তাঁর ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেবেন।
পরে একাধিকবার ওই গৃহবধূ শ্বশুরের যৌন নির্যাতনের শিকার হন। অভিযোগ, তেল দিয়ে যৌনাঙ্গ মালিশ করিয়ে ধর্ষণ করা হত। সন্তান না হওয়ায় গত ডিসেম্বর থেকে ননদের স্বামীও তাঁকে ধর্ষণ করা শুরু করে। কয়েক মাস পর গৃহবধূ গর্ভবতী হলেও, জুন মাসে গর্ভপাত হয়ে যায়।
অবশেষে দীর্ঘ নির্যাতনের পর গত জুলাই মাসের শেষ সপ্তাহে সাহস করে পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। প্রাথমিক তদন্তের পর রবিবার আনুষ্ঠানিকভাবে এফআইআর নথিভুক্ত করেছে পুলিশ। তবে ভুক্তভোগীর পরিচয় গোপন রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, যৌন হেনস্থার মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গোপনীয়তা বজায় রাখাই তাদের কর্তব্য।
এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







