পরিবর্তন নাকি প্রত্যাবর্তন ? ভোট পর্ব শেষ হতে না হতেই এই একটাই প্রশ্ন সবার মনে। নানান সংস্থা ইতিমধ্যেই নিজের এক্সিট পোলে নানান ধরনের দাবী করছে । তবে এসবের মাঝেই নিজের আত্মবিশ্বাস জনগণের সামনে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৃহস্পতিবার , ৯ মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো। ভিডিও বার্তায় , মুখ্যমন্ত্রী বলেন , ”ছাব্বিশে আমরা ২২৬ আসন পাব, সেটা ২৩০-ও হতে পারে।”
এদিন বঙ্গ জয়ের লক্ষ্যে নামা কেন্দ্রের শাসক দলকেও কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, বিজেপি অর্থ ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে নিজেদের পক্ষে অনুকূল এক্সিট পোল তৈরি করেছে। ‘গদি মিডিয়া’র প্রসঙ্গও তোলেন তিনি। তবে এক্সিট পোলকে বিশেষ গুরুত্ব না দিয়ে তাঁর দৃঢ় দাবি, ছাব্বিশে আবারও তৃণমূলই সরকার গড়বে।
ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরোও বলেন , ‘‘আসলে ওরা (বিজেপি) ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স দিয়ে চমকাতে অভ্যস্ত। গতকাল (বুধবার) কেন্দ্রীয় বাহিনী খুব অভব্য আচরণ করেছে। মেয়েদের, বাচ্চাদের মেরেছে। পুলিশ, যারা এতদিন আমার হাতে ছিল না, তারাও একতরফাভাবে মারধর করেছে বলে অভিযোগ পেয়েছি। এসব করেও তো ওরা মানুষের নিজের অধিকার প্রয়োগ থেকে মানুষকে আটকাতে পারেনি। আমার কাছে নির্দিষ্ট তথ্য আছে যে সত্যিটা বেরলে শেয়ার বাজারে ধস নামবে। সেটা আ আটকাতে ওরা মিডিয়াকে দিয়ে এসব সমীক্ষার রিপোর্ট বের করেছে। এটা ওদের শেষ চেষ্টা।”
তৃণমূল কর্মীদের প্রতি বার্তা দিয়েও মুখ্যমন্ত্রী বলেন , ”শান্ত, সংযত থাকবেন। আইন হাতে তুলে নেবেন না। ওরা অত্যাচার করছে জানি। দিকে দিকে আমাদের নেতা-কর্মীদের উপর মারধর করেছে। তা সত্ত্বেও বলব, এর জবাব আমরা দেব। আপনারা কোনও অবস্থায় নিজেরা আইন হাতে তুলে নেবেন না। আপনারা দিদির উপর ভরসা রাখুন, বাংলার মা-মাটি-মানুষের উপর ভরসা রাখুন।”







