তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে একের পর এক বাণিজ্য সম্মেলন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরেও বারংবার বিরোধীদের কটাক্ষ মুখে পরেছেন তিনি। এবার শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বিরোধীদের কটাক্ষের জবাব দিলেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আয়োজিত বাণিজ্য সম্মেলনে দেখা যায় দেশের বিভিন্ন তাবড় তাবড় ব্যবসায়ীদের। তবে ক্রমাগত বিরোধী রাজনৈতিক দলগুলি অভিযোগ করে গিয়েছে এই সমস্ত বাণিজ্য সম্মেলন রাজ্য সরকারের লোক দেখানো। এমনকি তারা দাবি করেন কোনভাবেই মুখ্যমন্ত্রী এই বাণিজ্য সম্মেলন রাজ্যে কোনরকম শিল্প আনতে ব্যর্থ হয়েছে। সেই জন্য ক্রমাগত রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কটাক্ষ ছুড়ে চলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের উত্তর দেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে।
সোমবার শালবনিতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস হতে চলেছে। সেই শিলান্যাসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআইয়ের প্রাক্তন প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঘাটালের তারকা সাংসদ দীপক অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেই মঞ্চে মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ঘাটালের সাংসদ জবাব দিলেন বিরোধীদের আক্রমণের। প্রতিনিয়ত বিরোধীরা দাবি করে চলেছেন যে রাজ্যে কোনরকম কর্মসংস্থান হচ্ছে না। এবার বিরোধী রাজনৈতিক দলগুলির সেই সমস্ত আক্রমণের কড়া ভাষায় জবাব দিলেন অভিনেতা তথা সাংসদ দেব।
এ প্রসঙ্গেই মঞ্চ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা সাংসদ জানিয়েছেন, “মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেকদিন রূপায়ণ হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ আজ। যারা বলছে রাজ্যে শিল্প নেই, কিছু হচ্ছে না, তাদের আজ দেখা উচিত। ১৬০০ মেগাওয়াটের থার্মাল প্ল্যাট হচ্ছে। কত বড় রাজ্যের লাভ হচ্ছে, তা দেখা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী ব্যবসা, চাকরি নিয়ে ভাবছে তা আজ প্রমাণ হয়ে গেল। অনেকে কাজ পাবেন। উন্নয়ন হবে। কর্মসংস্থান হবে। আমি মেদিনীপুরের ছেলে। এই কাজটি মেদিনীপুরেই হচ্ছে তাই খুব খুশি। আমি আশা করি আরও বড় শিল্পপতি রাজ্যে আসবেন। কাজ করবেন। রাজ্য়ের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব।”







