রবিবারের আইপিএল ম্যাচে ব্যাট হাতে জয় এনে দিয়েছেন বিরাট কোহলি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে অনবদ্য ইনিংসের পরে মাঠের বাইরেও নজর কাড়লেন তিনি—এইবার একেবারে অন্য ভূমিকায়। এমন এক ক্রিকেটারকে নিজের ব্যাট উপহার দিলেন কোহলি, যিনি এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে একটি বলও খেলার সুযোগ পাননি। বিরাটের এই ভিন্নধর্মী সৌজন্যে আপ্লুত সেই তরুণ ক্রিকেটার—মুশির খান, সরফরাজ় খানের ভাই।
আইপিএলের ২০২৫ মরসুমে পঞ্জাব কিংসের হয়ে নিলামে ৩০ লাখ টাকায় কেনা হলেও এখনও খেলার সুযোগ হয়নি মুশিরের। তবে ছোট থেকেই তিনি কোহলির বড় ভক্ত, নিজেই আগেও সে কথা বলেছিলেন। রবিবারের ম্যাচের পরে কোহলির ব্যাট হাতে পাওয়া যেন স্বপ্নপূরণের মতো অনুভূতি। সোশ্যাল মিডিয়ায় কোহলির সঙ্গে ছবি পোস্ট করে মুশির লেখেন, “বিরাট ভাইয়াকে ব্যাটের জন্য লক্ষ লক্ষ ধন্যবাদ এবং ভালবাসার জন্য কোটি কোটি ধন্যবাদ।”
উল্লেখ্য, কোহলি এর আগেও রিঙ্কু সিংহ বা শাকিব আল হাসানের মতো ক্রিকেটারদের নিজের ব্যাট উপহার দিয়েছেন। এদিন ম্যাচ শেষে কোহলি জানান, এবার দল গঠনের প্রক্রিয়ায় অনেক বেশি স্বচ্ছতা ও ভারসাম্য এসেছে। দলের পারফরম্যান্সেও তার ছাপ মিলছে।
সতীর্থ দেবদত্ত পাড়িক্কলের প্রশংসাও করেন কোহলি। তাঁর মতে, “আজকের ম্যাচে আসল পার্থক্য গড়ে দিয়েছে দেব।” দলের প্রতিটি সদস্যের গুরুত্ব বোঝেন বলেই ম্যাচ ঘুরে যায় তাঁর পরিকল্পনায়—এটাই কোহলি ম্যাজিক।







