কিছুদিন পূর্বেই তিনি তীব্র মন্তব্য করেন, ভারত দ্রুত হিন্দুরাষ্ট্রে পরিণত হবে। সেই মোহন ভাগবতের মুখেই এবার অন্য বুলি। আরএসএস প্রধান বলছেন, বিদ্বেষমুক্ত সমাজের কথা। তাঁর বক্তব্য, বর্ণবাদ বা জাতিবাদের মতো প্রথা ভারতীয় সমাজ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। এমন কোনও প্রথা থাকা উচিত নয়, যাতে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করে।
ভাগবতের কথায়, ‘আজ যদি কেউ আপনাকে বর্ণবাদ বা জাতিবাদের কথা বলে, তাহলে বলে দেবেন এটা অতীত, এটাকে ভুলে যাওয়াই উচিত।সামাজিক সাম্য ভারতীয় সমাজজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু এটাকে দীর্ঘদিন উপেক্ষা করা হয়েছে। সমাজে বিভেদ সৃষ্টি করে, এমন সবকিছুকে নর্দমায় ভাসিয়ে দেওয়া উচিত।’ প্রসঙ্গত, ২০১১ সালে জনগণনার তথ্য তুলে মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে বিজেপির নেতানেত্রীরা আশঙ্কা প্রকাশ করেছিলেন। জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গভীর আলোচনার দরকার আছে এমন মত পোষণ করেছিলেন মোহন ভাগবতও।







