মাঠে একের পর এক চোট, সঙ্গে ফর্মহীনতা—এই সব কারণেই দীর্ঘদিন জাতীয় দলের বাইরে মহম্মদ শামি। তাতে ক্রিকেট মহলে জোর জল্পনা, তবে কি ৩৪ বছর বয়সী এই পেসার আর ফিরবেন না দেশের জার্সিতে? নির্বাচকদের সিদ্ধান্ত ও এশিয়া কাপ থেকে বাদ পড়ার পর সেই গুঞ্জন আরও ঘনীভূত হয়। ভক্তদের একাংশও ধরে নিয়েছিলেন, হয়তো শামির ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু হঠাৎই পরিস্থিতি পাল্টাল। নীরবতা ভেঙে শামি স্পষ্ট জানিয়ে দিলেন—এখনই অবসর নয়, বরং তাঁর চোখ শুধুই ঘরোয়া ক্রিকেটে ঘাম ঝরিয়ে জাতীয় দলে প্রত্যাবর্তনের পথে। আর সেই স্বপ্ন থেমে নেই, বরং লক্ষ্য ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপে ভারতকে ট্রফি এনে দেওয়া।
একটি সাক্ষাৎকারে শামির সোজাসাপ্টা বক্তব্য—“আমার অবসর চাইছেন কেন? এতে কার জীবন সহজ হবে? যেদিন মনে হবে আর পারছি না, সেদিন নিজেই সরে দাঁড়াব।” পেসারের দাবি, তাঁকে বাদ দিলেও তিনি ক্রিকেট ছাড়বেন না, বরং ঘরোয়া মঞ্চে খেলে নিজেকে প্রমাণ করবেন। ২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালের হারের যন্ত্রণা এখনও তাড়া করে তাঁকে, তাই স্বপ্নপূরণের মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন ২০২৭। ক্রিকেটবিশ্বে তাই নতুন প্রশ্ন—শামির প্রত্যাবর্তন কি আবার ভারতীয় পেস আক্রমণকে পুরনো ধার ফেরাতে পারবে? এখন সবার চোখ তাঁর লড়াইয়ের ময়দান, দলীপ ট্রফির দিকে।







