দীর্ঘ আট বছরের আইনি লড়াইয়ের পরও বিচ্ছেদের পথ খুলল না শোভন চট্টোপাধ্যায়ের জন্য। আবার রত্না চট্টোপাধ্যায়েরও ‘ঘরে ফেরার’ দাবি মানল না আদালত। ফলে সম্পর্ক ভাঙল না, কিন্তু জোড়াও লাগল না—এক অদ্ভুত অবস্থায় আটকে রইল এই দম্পতির দাম্পত্য।
২০১৭ সালে আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেছিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন। স্ত্রী রত্নার বিরুদ্ধে ‘নিষ্ঠুর আচরণ’ ও বাচ্চাদের প্রতি অবহেলার মতো নানা অভিযোগ তুলেছিলেন তিনি। কিন্তু আদালতে একটিও অভিযোগ প্রমাণ করতে পারেননি শোভনের আইনজীবী। ফলত, ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ রাজেশ চক্রবর্তী সেই মামলা খারিজ করে দেন।
অন্যদিকে, রত্না চট্টোপাধ্যায়ও স্বামীকে বাড়ি ফেরানোর আবেদন করেছিলেন। কিন্তু আদালত সাফ জানিয়ে দেয়— “কাউকে জোর করে একসঙ্গে থাকতে বাধ্য করা যায় না।” তাই সেই আবেদনও বাতিল হয়।
এদিকে দীর্ঘদিন ধরেই শোভন নিজের বাড়িতে থাকেন না। তিনি এখন গোলপার্কে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকেন, সঙ্গে থাকেন বৈশাখীর মেয়ে।
রায়ের পর আবেগপ্রবণ হয়ে ওঠেন রত্না। তাঁর কথায়,
“আট বছর ধরে অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। পুরুষশাসিত সমাজে মেয়েদের দমিয়ে দেওয়া হয়, অথচ আমি বাচ্চাদের জন্য লড়াই করে এই রায়টা আনতে পেরেছি। এটা সমাজের কাছে এক বার্তা।”
এই রায়ের পরে শোভন-রত্নার ছেলে ঋষি বাবাকে পরিবারের কাছে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তাঁর আবেগঘন ডাক—“সব ভুলে আমাদের সঙ্গে আবার থাকুন।”
তবে শোভন চট্টোপাধ্যায়ের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া আসেনি। আদালতের নির্দেশে প্রশ্ন একটাই— এই সম্পর্ক কি আর কখনও জোড়া লাগবে, নাকি আইনি লড়াইয়ের আঁধারেই মিলিয়ে যাবে?







