উত্তরপ্রদেশের কনৌজে এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। এক যুবক শ্যালিকাকে বিয়ে করার জেদে হঠাৎই উঠে পড়লেন হাই-টেনশন বিদ্যুতের খুঁটিতে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক ভিড় জমে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবকের প্রথম স্ত্রী বিয়ের এক বছরের মাথায় অসুস্থ হয়ে মারা যান। পরে তিনি স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন। সেই দাম্পত্য এখন দুই বছরেরও বেশি পুরনো। তবে সম্প্রতি তিনি প্রয়াত স্ত্রীর আরও এক ছোট বোনের প্রেমে পড়েছেন বলে দাবি করেন এবং তাঁকে বিয়ের ইচ্ছা প্রকাশ করেন।
বৃহস্পতিবার সকালে নিজের স্ত্রীকে এই বিষয়ে জানাতেই প্রবল অস্বীকৃতি পান তিনি। স্ত্রীর আপত্তিতে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানানোর অদ্ভুত পথ বেছে নেন যুবক বিদ্যুতের খুঁটির মাথায় উঠে পড়েন এবং সেখান থেকে চিৎকার করে নিজের দাবি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। দীর্ঘ বোঝাপড়া এবং পরিবারের সদস্যদের আশ্বাসে অবশেষে নিচে নামেন ওই যুবক। তবে এই কাণ্ডে এলাকায় তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।







