প্রসাদকে ঘিরে শুরু হওয়া বাকবিতণ্ডা মুহূর্তেই রক্তাক্ত অধ্যায়ে রূপ নিল দিল্লির বিখ্যাত কালকাজি মন্দিরে। শুক্রবার রাতের এই ভয়াবহ ঘটনায় প্রাণ হারালেন সেবাইত যোগেন্দ্র সিং (৩৫)।
পুলিশ সূত্রে খবর, রাত সাড়ে ন’টা নাগাদ একদল ভক্ত মন্দিরে ‘চুন্নি প্রসাদ’ দাবি করে বসেন। দাবিতে রাজি না হওয়াতেই উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে, যোগেন্দ্রবাবুকে মাটিতে ফেলে লাঠি দিয়ে বারবার আঘাত করছে দু’জন যুবক। নিস্তেজ হয়ে মাটিতে পড়ে থাকা অবস্থাতেও হামলা চলতে থাকে নির্দয়ভাবে।
গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত এমস ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। উত্তরপ্রদেশের হারদোই জেলার বাসিন্দা যোগেন্দ্রবাবু দীর্ঘ ১৫ বছর ধরে কালকাজি মন্দিরে সেবার দায়িত্ব পালন করছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে স্তব্ধ স্থানীয় মানুষজন।
এদিকে, আতঙ্কিত ভক্তদের মধ্যেই কেউ একজন সাহস করে হামলাকারীদের একজনকে পাকড়াও করেন। ধৃত অতুল পাণ্ডে (৩০)-কে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি অভিযুক্তরা পলাতক। খুনের মামলা রুজু করে তদন্তে নেমেছে দিল্লি পুলিশ। পাশাপাশি মন্দির চত্বরে নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী করার উদ্যোগ চলছে।
এই মর্মান্তিক ঘটনায় প্রশ্ন উঠছে—আধ্যাত্মিকতার আঙিনায় কেন এমন রক্তাক্ত তাণ্ডব?







