ভারতের শুটিংয়ে যেন এক নতুন ইতিহাস লিখছেন আদ্রিয়ান কর্মকার। অলিম্পিয়ান জয়দীপ কর্মকারের ছেলে পরপর তিনটি সোনা জিতে নজর কাড়লেন এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে। কাজাখস্তানে আয়োজিত প্রতিযোগিতায় এবার দলগত বিভাগে সাফল্য পেলেন তিনি। ৫০ মিটার রাইফেল প্রোন ইভেন্টে সামি উল্লাহ ও কুশাগ্র রাজাওয়াতকে সঙ্গে নিয়ে ভারতের ঝুলিতে সোনা আনলেন আদ্রিয়ান। আরও বিশেষ বিষয়, এই তিন জনই জয়দীপ কর্মকারের ছাত্র।
ফাইনালে ভারতের তিন শুটার দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। সর্বাধিক ৬১৭ পয়েন্ট তোলেন সামি উল্লাহ, আদ্রিয়ান পান ৬১৪.৫ এবং কুশাগ্রের সংগ্রহ ৬১২.৮। সম্মিলিত স্কোর দাঁড়ায় ১৮৪৪.৩। মাত্র ০.৯ পয়েন্টের ব্যবধানে কাজাখস্তানকে পেছনে ফেলে সোনা জেতে ভারত। স্বাগতিকদের স্কোর ১৮৪৩.৪, আর ব্রোঞ্জ জেতে দক্ষিণ কোরিয়া ১৮৪০.৮ পয়েন্ট নিয়ে। প্রতিদ্বন্দ্বিতা এতটাই টানটান ছিল যে শেষ রাউন্ড পর্যন্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
এর আগে রোববারই ইতিহাস গড়েছিলেন আদ্রিয়ান। জুনিয়র থ্রি পজিশনস ফাইনালে ৪৬৩.৮ পয়েন্ট স্কোর করে সোনা জেতার পাশাপাশি গড়েছিলেন এশিয়ান রেকর্ড। কোয়ালিফায়ারে অষ্টম স্থানে থাকলেও ফাইনালে একের পর এক নিখুঁত শট তাঁকে শীর্ষে তোলে। সেই দিনই দলগত বিভাগেও বেদান্ত ওয়াঘমারে ও রোহিত কান্যনের সঙ্গে জিতেছিলেন সোনা। অর্থাৎ, এক দিনে দুই সোনা জিতে তাক লাগিয়েছিলেন তিনি।
এই নিয়ে চলতি প্রতিযোগিতায় তৃতীয় সোনা উঠল আদ্রিয়ানের ঝুলিতে। জুনিয়র স্তরেই এমন ধারাবাহিক সাফল্য ভারতের শুটিংয়ের ভবিষ্যতের জন্য বিরাট ইতিবাচক বার্তা। বাবার মতো আন্তর্জাতিক মঞ্চে অলিম্পিক গৌরব আনার স্বপ্নকে বুকে নিয়ে এক ধাপে ধাপে এগোচ্ছেন তিনি। স্পষ্ট হয়ে যাচ্ছে, জয়দীপের অসম্পূর্ণ স্বপ্নকে পূর্ণ করতে পারে নতুন প্রজন্মের এই বাংলার শুটার।







