মাত্রাছাড়া বৃষ্টি, ভূমিধস ও হড়পাবান ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ ও জম্মু-কাশ্মীরের মতো পাহাড়ি রাজ্যগুলিতে। একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে কাবু দেশ। এই আবহেই রবিবার সম্প্রচারিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৫ তম ‘মন কি বাত’। অনুষ্ঠান শুরুর মুহূর্তেই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা স্মরণ করলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “চলতি বর্ষার মরশুমে প্রাকৃতিক বিপর্যয় দেশের পরীক্ষা নিচ্ছে। গত কয়েক সপ্তাহে বন্যা ও ভূমিধস বিরাট ক্ষয়ক্ষতির কারণ হয়ে উঠেছে। বহু পরিবার সর্বনাশের মুখে পড়েছেন। লাগাতার জলের তোড়ে বহু সেতু ভেঙে গিয়েছে। যারা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের যন্ত্রণা আমি উপলব্ধি করি।”
একইসঙ্গে বিপর্যয় মোকাবিলায় উদ্ধারকারী বাহিনী ও সেনার ভূমিকার প্রশংসা করেন মোদি। জানান, আধুনিক প্রযুক্তি—থার্মাল ক্যামেরা, লাইভ ডিটেক্টর, স্নিফার ডগ ও ড্রোনের সাহায্যে দিন-রাত এক করে উদ্ধারকাজ চালাচ্ছেন তাঁরা।
কাশ্মীরে ক্রীড়াক্ষেত্রে নজির
প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কাশ্মীর থেকে উঠে আসা ইতিবাচক ঘটনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান—
পুলওয়ামায় প্রথমবার দিন-রাতের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছিলেন।
ডাল লেকে ওয়াটার স্পোর্টসের আয়োজন করা হয়েছে। আগে যা অনেকের কাছে কল্পনার বাইরে ছিল।
মোদির মতে, “দেশ বদলাচ্ছে। জম্মু-কাশ্মীরের এই সাফল্য তারই প্রমাণ।”
চাকরির সুযোগ বাড়াতে ‘প্রতিভা সেতু’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন ‘প্রতিভা সেতু’ নামের এক বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্মের কথা। তিনি বলেন, “UPSC-এর মতো কঠিন পরীক্ষায় বহু তরুণ-তরুণী সামান্যর জন্য চূড়ান্ত তালিকায় জায়গা পান না। তাঁদের যোগ্যতা যাতে নষ্ট না হয়, সেই জন্যই এই উদ্যোগ।”
এই প্ল্যাটফর্মে এমন প্রার্থীদের তথ্য থাকবে, যারা UPSC-এর সমস্ত ধাপ উত্তীর্ণ হয়েও ফাইনাল লিস্টে সুযোগ পাননি। সেখান থেকেই বিভিন্ন বেসরকারি সংস্থা দক্ষ প্রার্থী বেছে নেবে। ইতিমধ্যেই বহু যুবক-যুবতী এই উদ্যোগের মাধ্যমে চাকরি পেয়েছেন বলেও জানান মোদি। প্রাকৃতিক বিপর্যয়ে দেশবাসীর পাশে দাঁড়ানো, জম্মু-কাশ্মীরের ইতিবাচক পরিবর্তন তুলে ধরা ও যুবসমাজের কর্মসংস্থানে নতুন দিশা—এই তিন মূল বিষয় নিয়েই রবিবার ইতিহাস গড়ল মন কি বাতের ১২৫ তম পর্ব।







