সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশন (SSC) প্রকাশ করল অযোগ্য প্রার্থীদের তালিকা। প্রায় ১,৮০৬ জন প্রার্থীর নাম-সহ এই তালিকা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য শুরু হয়েছে। তালিকায় উঠে এসেছে শাসকদলের একাধিক নেতানেত্রীর ঘনিষ্ঠদের নামও।
সবচেয়ে আলোচনায় এসেছে বারাসাত ১ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ এবং বর্তমান ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ইছা সর্দারের ছেলে মহম্মদ নিজামুল্লাহ-র নাম।
তালিকায় নাম প্রকাশ্যে আসতেই কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন নিজামুল্লাহ। তাঁর প্রশ্ন—
“এসএসসি কীসের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে?”
এমনকি তিনি জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবেন।
যদিও ইছা সর্দার এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তাঁর বক্তব্য,
“হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বিষয়টি দেখছে। আমি কিছু বলব না।”
অন্যদিকে অযোগ্যদের তালিকা নিয়ে কমিশনের সিদ্ধান্তে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন একাংশ প্রার্থীও। তাঁদের দাবি, তাঁরা ‘যোগ্য’ হয়েও অন্যায়ভাবে তালিকায় ঢুকেছেন।
উল্লেখ্য, আদালতের নির্দেশেই এসএসসি এই তালিকা প্রকাশ করে। তবে, তালিকা ঘিরে যে রাজনৈতিক তরঙ্গ উঠেছে—তা নিঃসন্দেহে শাসকদলকে অস্বস্তিতে ফেলছে।







