রাজ্য

গরমে মৃত্যুর ছায়ায় স্বস্তির বার্তা, আর্থিক ক্ষতিপূরণে বিশেষ সিদ্ধান্ত রাজ্যের

তাপপ্রবাহকে প্রাকৃতিক বিপর্যয়ের তালিকায় অন্তর্ভুক্ত করল রাজ্য সরকার। ফলে এখন থেকে পশ্চিমবঙ্গে হিটওয়েভ বা সানস্ট্রোকজনিত কারণে মৃত্যু হলে মৃতের পরিবারকে মিলবে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্টেট এক্সিকিউটিভ কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মূলত গ্রীষ্মকালে ধারাবাহিকভাবে তাপপ্রবাহে মৃত্যুর ঘটনা রাজ্যে বাড়তে থাকায় বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে ভাবনাচিন্তা শুরু করে প্রশাসন। গত অগস্টে মুখ্যসচিব মনোজ পন্থের বৈঠকেই প্রথম আর্থিক সহায়তার প্রস্তাব উঠে আসে। সেই প্রস্তাবের ভিত্তিতেই রাজ্য বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স দপ্তর সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করেছে।

তাতে স্পষ্ট বলা হয়েছে—হিট স্ট্রোক বা তীব্র গরমে মৃত্যু হলে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হবে। তবে ক্ষতিপূরণের টাকা পেতে আবশ্যিক ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে, যা যাচাই করার পরেই অর্থ প্রদান করা হবে।

এর আগে বজ্রাঘাত, দুর্ঘটনাজনিত অগ্নিকাণ্ড, গাছ ভেঙে চাপা পড়া, বাড়ির দেওয়াল ধসে মৃত্যু, কিংবা নৌকোডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে রাজ্য ২ লক্ষ টাকা করে সাহায্য দিত। এবার সেই তালিকায় যুক্ত হল হিটওয়েভ। শুধু তাই নয়—বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, জঙ্গলে আগুন, বিষাক্ত প্রাণীর কামড়, বন্য পশুর আক্রমণ, নদীভাঙন, ভারী বৃষ্টি-সহ মোট ১৪টি ঘটনাকে আনুষ্ঠানিকভাবে প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ঘোষণা করেছে নবান্ন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.