অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন। কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া এই মামলায় মিঠুনের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই কুণাল তাঁর ও তাঁর পরিবারের বিরুদ্ধে একের পর এক অসত্য, কুরুচিকর ও ভিত্তিহীন মন্তব্য করেছেন।
আগেই আইনি নোটিস পাঠিয়েছিলেন মিঠুন। কিন্তু কুণালের জবাবে সন্তুষ্ট না হয়ে এবার আদালতের দ্বারস্থ হন তিনি। মামলায় মিঠুনের দাবি, কুণালের মন্তব্যে তাঁর সম্মান, সামাজিক মর্যাদা ও পেশাগত জীবন ক্ষুণ্ণ হয়েছে। নতুন সিনেমা ও বিজ্ঞাপনের কাজেও প্রভাব পড়েছে বলে অভিযোগ তাঁর। ফলে ক্ষতিপূরণ হিসেবে আদালতের কাছে তিনি ১০০ কোটি টাকা দাবি করেছেন।
হাই কোর্ট সূত্রে খবর, মামলা দায়ের করতে গিয়ে মিঠুন দিয়েছেন ৫০ হাজার টাকা কোর্ট ফি, যা সাধারণত সর্বোচ্চ ধরা হয়। মামলার শুনানির দিন এখনও ঘোষণা হয়নি, তবে আইনজীবী মহল মনে করছে, আগামী সপ্তাহেই এই মামলার শুনানি শুরু হতে পারে।
অন্যদিকে, পাল্টা আত্মবিশ্বাসী কুণালের মন্তব্য,
“যাঁর মান থাকে, তিনি কি এত বার দলবদল করেন! তদন্তের ভয়ে দলবদল হয়। কোর্টে দেখা হবে।”
তিনি আরও জানান, তিনিও মিঠুনের বিরুদ্ধে মামলা করেছেন এবং আদালতে প্রমাণ করবেন অভিনেতার একাধিক চিটফান্ড সংযোগ। একই সঙ্গে সিবিআই তদন্তেরও দাবি তুলেছেন কুণাল।
রাজনৈতিক মহলে এখন প্রশ্ন, মিঠুন বনাম কুণাল—এই আইনি লড়াইয়ের ফলাফল কোন দিকে মোড় নেয়, তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী।







