রাজস্থানে বিজেপি ক্ষমতায় ফিরতেই ধরে নেওয়া হয়েছিল মুখ্যমন্ত্রীর আসনে বসবেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া। কিন্তু জয় আসার পর মোদি-শাহ জুটি কার্যত চমক দিয়ে মুখ্যমন্ত্রী পদে বসান তুলনামূলক অপ্রচলিত মুখ ভজনলাল শর্মাকে। সেই থেকেই কার্যত রাজনৈতিক আঙিনা থেকে দূরত্ব বাড়ান বসুন্ধরা।
কিন্তু বৃহস্পতিবার রাজ্যের রাজনৈতিক সমীকরণ একেবারে নতুন মোড় নিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবতের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরার প্রায় কুড়ি মিনিটের একান্ত বৈঠক রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে। যোধপুরে শুরু হতে চলা সংঘের গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকের ঠিক আগে জয়সলমেঢ়ে লালসাগর এলাকার আদর্শ বিদ্যামন্দিরে এই সাক্ষাৎ ঘিরে মরু রাজ্যে বেড়েছে কৌতূহল।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা সভাপতি ভোপাল সিং বাদলা, প্রাক্তন রাজসিকো চেয়ারম্যান মেঘরাজ লোহিয়া ও ঘনশ্যাম বৈষ্ণব। যদিও বৈঠকে কী আলোচনা হয়েছে তা প্রকাশ্যে জানা যায়নি। তবে রাজনৈতিক মহলের মতে, ভজনলালের নেতৃত্ব নিয়ে রাজ্যের গেরুয়া শিবিরে যে অস্বস্তি তৈরি হয়েছে, সেই প্রেক্ষাপটেই এই সাক্ষাৎকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন বসুন্ধরা। তিনি জানিয়েছিলেন, “আমি রাজনৈতিক নির্বাসনে রয়েছি। তবে এই নির্বাসন আমৃত্যু নয়।” তাঁর সেই বার্তা কার্যত ঘুরেফিরে রাজনীতিতে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও নতুন সভাপতি ঘোষণা করতে পারেনি। সংঘ ও বিজেপির মধ্যে বোঝাপড়ার জটিলতা নিয়েই বিলম্ব হচ্ছে বলে শোনা যাচ্ছে। আর তার মাঝেই ভাগবত-বসুন্ধরা বৈঠক জল্পনা আরও উসকে দিয়েছে।







