নিজস্ব সংবাদদাতা: দল সাংগঠনিক ভাবে আড়েবহরে বড় হওয়ার পরে রাজ্য বিজেপির জন্য নতুন দফতর খোঁজা হয়েছিল। সেই খোঁজ খুব বেশি দীর্ঘ হয়নি। খাতায়কলমে এখনও মধ্য কলকাতার ৬ নম্বর মুরলীধর সেন লেনেই রাজ্য বিজেপির ঠিকানা থাকলেও, বাস্তবে দলের যাবতীয় কাজকর্ম এখন বিধাননগরের পাঁচ নম্বর সেক্টরের নতুন দফতর থেকেই পরিচালিত হচ্ছে। এ বার সেই পথেই হাঁটছে রাজ্য সভাপতির আবাসন ব্যবস্থাপনাও। ভিড় ও নিরাপত্তাজনিত কারণে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের জন্য নতুন বাড়ির সন্ধান শুরু করেছে দল।
শমীক ভট্টাচার্য ১৯৯১ সাল থেকে বিধাননগরের বিএইচ ব্লকের পৈতৃক বাড়িতে বসবাস করছেন। তাঁর বাবার তৈরি এই বাড়িতিতেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল। শৈশব ও কৈশোর কেটেছে হাওড়ার শিবপুরে, তাই আজও নিজেকে ‘হাওড়ার ছেলে’ বলতেই স্বচ্ছন্দ শমীক। কিন্তু প্রায় সাড়ে তিন দশক ধরে বিধাননগরের এই বাড়িই তাঁর রাজনৈতিক জীবনের ঠিকানা।
বিজেপির সর্বক্ষণের কর্মী থেকে দলের রাজ্য মুখপাত্র— প্রতিটি পর্বেই ওই বাড়িতেই নিয়মিত ভিড় জমত। সাংবাদিক বৈঠক হোক বা দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা— সবই চলত বাড়ির সামনেই। বারান্দা ও বসার ঘর কার্যত সর্বজনীন বৈঠকখানায় পরিণত হয়েছিল।
গত ৩ জুলাই রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পর সেই ভিড় বহুগুণ বেড়েছে। দলীয় কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ প্রায় দিনরাত যাতায়াত করছেন। বিএইচ ব্লকের সরু গলিতে সারি সারি গাড়ির ভিড় লেগে থাকছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছেন শমীকের ঘনিষ্ঠ সহকর্মীরা। তা সত্ত্বেও সাক্ষাৎপ্রার্থীদের নিরাশ করেন না রাজ্য সভাপতি।
তবে শুধুমাত্র ভিড় নয়, নতুন বাড়ি খোঁজার নেপথ্যে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কারণ। বিজেপি সূত্রের দাবি, শমীক রাজ্য সভাপতি হওয়ার পর কেন্দ্রীয় নিরাপত্তা নেওয়ার জন্য তাঁকে একাধিক বার অনুরোধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও বার্তা এসেছিল বলে জানা যাচ্ছে। প্রথমে সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি। কিন্তু ভোট যত এগোচ্ছে, রাজ্যে রাজনৈতিক উত্তাপও তত বাড়ছে। নির্বাচনকালীন হিংসার অতীত অভিজ্ঞতা মাথায় রেখে সম্প্রতি দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্ব ফের তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা নিতে অনুরোধ করেছেন বলে বিজেপি সূত্রে খবর।
বর্তমান বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর থাকার মতো পর্যাপ্ত জায়গা নেই। ফলে নিরাপত্তা গ্রহণ করতে হলে নতুন ঠিকানা অপরিহার্য হয়ে উঠেছে। অতীতে রাজ্য সভাপতি থাকাকালীন দিলীপ ঘোষ ও পরে সুকান্ত মজুমদার— দু’জনের ক্ষেত্রেই কেন্দ্রীয় নিরাপত্তার কারণে আলাদা বাড়ির ব্যবস্থা করতে হয়েছিল দলকে। সুকান্ত মজুমদার এখনও নিউটাউনের সেই বাড়িতেই থাকেন, যেখানে একটি সম্পূর্ণ তলা ছেড়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর জন্য।
শমীকের ক্ষেত্রেও তেমনই পরিকল্পনা করা হচ্ছে। বিজেপি সূত্রের খবর, বিধাননগরেই এমন একটি বাড়ির খোঁজ চলছে, যেখানে অন্তত ৮ থেকে ১০টি ঘর থাকবে। সভাপতির নিজস্ব থাকার জায়গার পাশাপাশি সহায়কদের জন্য ঘর, বৈঠকখানা, সাক্ষাৎপ্রার্থীদের বসার বড় হল এবং প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনীর জন্য আলাদা তলা— সব মিলিয়ে বিস্তৃত পরিকাঠামো প্রয়োজন।
কোন পর্যায়ের নিরাপত্তা দেওয়া হবে, তা ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রক স্থির করবে। ওয়াই, ওয়াই প্লাস বা জ়েড— যে কোনও স্তরের নিরাপত্তা হলে ১০ থেকে ৩০ জন জওয়ানের থাকার ব্যবস্থা করতে হবে। বর্তমান বিএইচ ব্লকের বাড়িতে তা কার্যত অসম্ভব।
সব মিলিয়ে, রাজ্য বিজেপির মতোই রাজ্য সভাপতির ক্ষেত্রেও ঠিকানা বদলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে তা সাময়িক ব্যবস্থাপনা— পৈতৃক ও স্থায়ী ঠিকানা অপরিবর্তিতই থাকছে।







